• সভা থামিয়ে আধ ঘণ্টা ধরে ক্যাথিড্রাল রোডের যানজট সামলালেন মমতা, ক্ষোভ পুলিশের বিরুদ্ধে
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • আদালতের নির্দেশ মেনে সভা হওয়ার কথা রাস্তার একপাশে। আর গাড়ি যাবে পাশের লেন দিয়ে। কিন্তু ভিড়ের কারণে পাশের লেনে যানজট তৈরি হওয়ায় সভা থামিয়ে নিজেই সেই পরিস্থিতি সামাল দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে অব্যবস্থার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, চক্রান্ত করে সভা বানচালের চেষ্টা করা হচ্ছে।

    শুক্রবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের সভা ছিল দুপুরে। নেতানেত্রীরাও এক এক করে বক্তৃতা করেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়ে সভামঞ্চে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু ক্ষণ পরেই দেখা যায়, ক্যাথিড্রাল রোডে সভামঞ্চের পাশের লেনে যানজট তৈরি হয়েছে। পুলিশের তরফে বিষয়টি উদ্যোক্তাদের জানানোও হয়। তার পরে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে সভামঞ্চ থেকে যানজট সামাল দেওয়ার চেষ্টা করেন মমতা। মঞ্চ থেকেই দলীয় ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের পাশের লেন থেকে সরে যাওয়ার নির্দেশ দেন।

    দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, ‘আদালত যা নির্দেশ দিয়েছে, সেই মতোই হবে। আমরা কোনও গাড়ি আটকাব না। আমাদের কর্মী-সমর্থকেরাও গাড়ি আটকাবেন না।’ পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘আমাদের সভা আটকানোর জন্য চেষ্টা হচ্ছে নানা ভাবে। চক্রান্ত করে সভা বানচালের চেষ্টা করেছে।’

  • Link to this news (এই সময়)