• প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তারাপীঠে পুজো দিয়েই কাজ শুরু
    দৈনিক স্টেটসম্যান | ২৮ আগস্ট ২০২৬
  • তারাপীঠের বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ন’জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছিল বীরভূমে। শনিবার বীরভূম জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সফরের সঙ্গেই আসন্ন কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক পুণ্যার্থীর বিপুল ভিড় হবে বীরভূম জেলায়। সুতরাং এখন পুলিশ-প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ এই ভিড়কে নিয়ন্ত্রণ করা। তবে তারাপীঠে পুজো দিয়েই মুখ্যমন্ত্রী প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন। প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি আত্মঘাতী হন। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। তাঁর সুইসাইড নোটও উদ্ধার হয়েছিল।

    এদিকে প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এসে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রামপুরহাটে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী। তখনই মুখ্যমন্ত্রী প্রয়াত নেতার পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানাবেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই মহকুমাশাসক অশ্বিন বি রাঠোর রক্তকরবীতে প্রাথমিক বৈঠক করেন। জেলাশাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার বিদিতরাজ ভুন্দেশ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন। নিরাপত্তা এবং যাতায়াতের সুবিধার্থে দু’টি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। একটি তারাপীঠ লাগোয়া তারাপুরের মাঠে এবং দ্বিতীয়টি রামপুরহাটে মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে। দু’টি হেলিপ্যাড পরিদর্শন করেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।

    অন্যদিকে রক্তকরবী পুরমঞ্চে একটি প্রশাসনিক রিভিউ বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। সেখানে সব দপ্তরের অফিসাররা থাকবেন। মুখ্যমন্ত্রী আসছেন বলে নিরাপত্তাও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই মন্দির চত্বর ঘুরে দেখেছেন অফিসাররা। মুখ্যমন্ত্রী কোন পথে ঢুকবেন, কোথায় বসবেন, মন্দিরের পক্ষ থেকে কী দেওয়া হবে এবং সেবাইতদের মধ্যে কারা থাকবেন তার পূর্ণাঙ্গ তালিকাও মন্দির কমিটির কাছে নেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি নিয়েও। শনিবার বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী তারাপুরের হেলিপ্যাডে নামবেন। তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। তারাপুরে সরস্বতী শিশু মন্দির পরিদর্শন করে সেখানে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেউচা ও লোবায় কয়লা শিল্প দ্রুত চালুর দাবি জানাব।’

    তাছাড়া সড়কপথে রামপুরহাটে প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসবেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রয়াত আশিসবাবুর ভাইপো বলেন, ‘প্রশাসন থেকে জানানো হয়েছে শনিবার মুখ্যমন্ত্রী বাড়িতে আসবেন। মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর সঙ্গে জেঠুর ভাল সম্পর্ক ছিল।’ আশিসবাবুর বাড়ি থেকে প্রশাসনিক বৈঠকে ফিরবেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)