মমতা পৌঁছতেই সভামঞ্চে বিশৃঙ্খলা! প্রায় বন্ধ ক্যাথিড্রাল রোড, নিজে গাড়ি পাস করালেন তৃণমূল নেত্রী
প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৬
ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় ‘বিশৃঙ্খলা।’ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই বন্ধ সমাবেশ! তিনি আসতেই গার্ডরেল সরিয়ে হাজার হাজার মানুষ মঞ্চের দিকে চলে যান। অতিরিক্ত ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একাধিক গাড়ি। আটকে যায় অ্যাম্বুল্যান্সও। তৃণমূলনেত্রী গাড়িগুলি পাস করিয়ে দেওয়ার নির্দেশ দেন। পুলিশের সঙ্গে সহযোগিতার কথা বলেন। পাশাপাশি সমাবেশে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
মেয়ো রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুমতি মেলেনি। হাই কোর্টের নির্দেশে ক্যাথিড্রাল রোডে সভা করছে কালীঘাটপন্থী তৃণমূল। দুপুর ১টার পর ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তৈরি হয় বিশৃঙ্খলা। সভায় ঢুকে পড়ে একাধিক গাড়ি। তা পাস করানো কথা বলেন মমতা। তারপর জানান, “এই রাস্তা বন্ধ রেখেই সভা হবে।” ফলে কার্যত আদালতের নির্দেশ মানা হল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে দাঁড়িয়ে সভার পাশে ঢুকে পড়া গাড়িগুলো পাস করাতে দেখা যায়। সভা আধঘন্টা বন্ধ রাখার কথা বলেন তৃণমূল নেত্রী। সভার পাশের রাস্তায় ঢুকে পড়া সব গাড়ি পাস করিয়ে তারপর পুরো রাস্তা কর্মীদের হাতে গেলে সভা শুরুর কথা বলেন। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী।
এরপর ধীরে ধীরে বেরিয়ে যায় সমস্ত গাড়িগুলি। অনেক তৃণমূল কর্মীকে গাড়ি পাস করাতে দেখা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে ফের মিটিং শুরু হয়। বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যেপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে দুপুর ৩টের মধ্যে সভাশেষ করতে হবে।