• সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৬
  • সপ্তাহান্তে ট্রাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। তার জেরে বাতিল থাকবে একাধিক লোকাল। লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেবে রেল। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। কবে নেওয়া হবে ব্লক? কোন কোন ট্রেন বাতিল?

    রেলের তরফে শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামিকাল ২৯ আগস্ট শনিবার রাত থেকে ৩০ আগস্ট রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে। রেল জানিয়েছে, শনিবার গভীর রাত ১২টা থেকে কাজ শুরু হবে। তা চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত। এই ৭ ঘণ্টার ব্লকে শিয়ালদহের ডাউন লাইনের পয়েন্টের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানোর বাড়ানোর কাজ করা হবে। এছাড়াও সম্পূর্ণ ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে। এছাড়াও প্রয়োজনীয় কাজ করবে রেল।

    এই কারণে মোট ৫ জোড়া ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে বাতিল থাকছে ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন ও ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। শিয়ালদহ-কল্যাণী শাখাতেও দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে। চলবে না ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন শিয়ালদহ-ডানকুনি। চলবে না একজোড়া রানাঘাট লোকালও। আপ ৩১৬১৫ ও ডাউন ৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও ৫৩১৭২ ডাউন লালাগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩০ তারিখে ট্রেনটি দমদম পর্যন্ত চলবে।

    এই প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগগুলির সঙ্গে কথা বলে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের বিষয়ে শিয়ালদহ স্টেশনে নিয়মিত ঘোষণা করা হবে। আরও সুষ্ঠুভাবে রেল চালাতে এই পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। যাত্রীদের থেকে সহযোগিতা করার আবেদন জানানো হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)