গেট বিহীন রেললাইনে ভয়ঙ্কর দুর্ঘটনা। এ বার শান্তিপুরে। রেললাইনের উপরে একটি বেসরকারি গাড়িতে এসে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিন। শুক্রবার নদিয়ার শান্তিপুর থানার বেলেডাঙা মোড় সংলগ্ন রেললাইনের উপর এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে ধাক্কার ঘটনায় জখম হয়েছেন তিন জন।
স্থানীয় সূত্রের খবর, একটি বেসরকারি গাড়িতে চেপে তিন জন রেললাইন পেরোচ্ছিলেন। ওই রেললাইনের সামনে গেট ছিল না। লাইন পেরনোর সময়ে একটি রেলের ইঞ্জিন ধাক্কা মারে গাড়িটিতে। ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের উপর দিয়েই বেশ খানিকটা ছেঁচড়ে চলে যায় ইঞ্জিন। দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। আহত হয়েছেন গাড়িতে থাকা তিনজন। তাঁদের উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের পরিস্থিতি স্থিতিশীল। ঘটনাস্থলে এসেছে শান্তিপুর থানার পুলিশ বাহিনী। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও রেলের আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় রেল গেটের দাবি করেছেন। গেট না থাকায় বার বার দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ। ওই এলাকায় প্রাণ হাতে করে রেললাইন পেরোতে হয় বলে অভিযোগ বাসিন্দাদের।
কয়েকদিন আগেই, জুলাই মাসে বহরমপুর থানায় কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে একটি লেভেল ক্রসিংয়ে এমন দুর্ঘটনা ঘটেছিল। অভিযোগ, সেখানে ট্রেন আসার সময়ে রেলগেট খোলা ছিল। সেই কারণে নাবালক পড়ুয়াদের নিয়ে যাওয়া স্কুলভ্যানে ধাক্কা মারে ট্রেন। ওই ঘটনায় একাধিক নাবালক স্কুলপড়ুয়া মারা গিয়েছিল।