• ঘরের দেওয়ালে লেখা ‘মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ…’, ধনিয়াখালিতে মা-বাবা ও মেয়ের রহস্যমৃত্যু
    এই সময় | ২৮ আগস্ট ২০২৬
  • রাস্তার ধারে দোতলা বাড়ি। একতলাটা ভাড়া নেওয়া হয়েছিল। মেন্ গেট থেকে ঢুকে বাঁদিকের একটি ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় মা, বাবা ও তাঁদের মেয়ের। শুক্রবার একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য হুগলির ধনিয়াখালি এলাকায়। মৃতদের নাম উত্তম চাঁই (৫২), তাঁর স্ত্রী রূপা চাঁই (৪৫) এবং মেয়ে অঙ্কিতা চাঁই (১৭)। যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘরের একটি দেওয়ালে পেন্সিল দিয়ে লেখা ‘আমাদের ৩ জনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ মুর্মু, ইন্দ্রাণী সিংহ রায়…।’ এটা কি কোনও সুইসাইড নোট? রবীন্দ্রনাথ, ইন্দ্রাণী কারা? ঘটনার তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ।

    স্থানীয় সূত্রের খবর, এই পরিবারের আদি বাড়ি ডানকুনির ভাদুয়া এলাকায়। ধনিয়াখালির সোমসপুর দুলেপাড়ায় ওই বাড়ির একতলা ভাড়া নিয়েছিল চাঁই পরিবার। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই পরিবার পাড়ার লোকের সঙ্গে খুব একটা মেলামেশা করত না। বাড়ির দরজায় বেশিরভাগ সময়েই তালা দেওয়া থাকত। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কয়েকমাস হলো এসেছে। আমাদের সঙ্গে কোনওদিন মেলামেশা করেনি। কেন এমন হলো বলতে পারব না। পুলিশ তদন্ত করুক।’

    বাড়ি থেকে কেউ বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তিনটি দেহ উদ্ধার করে। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য ধনিয়াখালি হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ওই পরিবার কোনও আর্থিক সমস্যায় ভুগছিল কি না, কোনও থ্রেট পেয়েছিল কি না সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সকলে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)