বেসরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। কলেজের হস্টেল থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। দুর্গাপুরে রাজবাঁধ অঞ্চলে রয়েছে ওই বেসরকারি মেডিক্যাল কলেজটি। মৃতের নাম অভিষেক কুমার (২১)। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ হস্টেল থেকে অভিষেকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিহারের সীতামারির বাসিন্দা অভিষেক।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে অভিষেকের রুমমেট নমাজ পড়তে গিয়েছিলেন। সেই সময়ে রুমে একাই ছিলেন অভিষেক। নমাজ পড়ে হস্টেলে ফিরে আসেন রুমমেট সুহিত মণ্ডল। কিন্তু রুমে ঢুকতে গিয়ে দেখেন দরজা বন্ধ ভিতর থেকে। অভিষেককে ডাকতে থাকেন তিনি। তাঁর দাবি, বহুবার ডাকলেও অভিষেকের কোনও সাড়া পাওয়া যায়নি। ফোন করলেও কোনও উত্তর মেলেনি। ততক্ষণে ঘরের সামনে ভিড় জমিয়েছেন বাকি সহপাঠীরা।
এর পরে একটি চেয়ার নিয়ে এসে জানলার ফাঁক দিয়ে দেখতেই অভিষেকের ঝুলন্ত দেহ দেখা যায় বলে জানাচ্ছেন সহপাঠীরা। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ভিতরে ঢুকে অভিষেকের নিথর দেহ উদ্ধার করেন সহপাঠীরা। ছাত্র মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারনে আত্মহত্যা, তা বলছে পারছেন না সহপাঠীরা।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে সুব্রত ভট্টাচার্য বলেন, ‘দু’দিন পরে ফার্স্ট ইয়ারের পরীক্ষা আছে। সেই কারণে একটু চিন্তায় ছিল ঠিকই। কিন্তু আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’