দিব্যি গাছেই লাফালাফি করছিল এক হনুমান। আচমকা ঢুকে পড়ে একটি বাড়িতে। তার পরে বিস্কুটের কৌটো তুলে নিয়ে পালানোর চেষ্টা করে সে। তাতেই নাকি চটে যান ওই বাড়ির বাসিন্দা অভিষেক ঘোষ। অভিযোগ, হনুমানটিকে গুলি করেন তিনি। ঘটনাস্থলেই হনুমানটির মৃত্যু হয়। শুক্রবার দুপুরে এমনই ঘটনা ঘিরে শোরগোল বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।
জানা গিয়েছে, এদিন দুপুরে রাজগ্রামে গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছিল হনুমানটি। সম্ভবত খিদে পেয়েছিল। হঠাৎ করে একটি বাড়িতে ঢুকে পড়ে। বিস্কুটের কৌটো তুলে নিয়ে পালানোর সময়ে হনুমানটিকে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। বুকে গুলি লাগায় ঘটনাস্থলেই হনুমানটির মৃত্যু হয়।
ঘটনার পরেই ওই বাড়ির সামনে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় জয়পুর থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিক, কর্মীরা। মৃত হনুমানটিকে উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত করানো হয়।
এই ঘটনায় জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বন দপ্তর। অভিযোগ পেয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।