বাংলার কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক? সরকারের Employment Plan জানুন
আজ তক | ২৯ আগস্ট ২০২৬
ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিকদের ফেরানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাজের সুযোগ তৈরি করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে ২২ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে বলে সরকারি সূত্রে খবর। সেই সব শ্রমিকদেরই রাজ্যে ফেরানোর উদ্যোগ নতুন সরকারের। কিন্তু কীভাবে? কী প্ল্যান? বিকল্প কর্মসংস্থানই বা কী?
শুরুতে জানা যাক, কাদের বলে পরিযায়ী শ্রমিক? ভিন রাজ্যে নানা ধরনের কাজে যাওয়া মানুষদের বলে পরিযায়ী শ্রমিক। বছরের বেশিরভাগ সময়ই তাঁরা থাকেন ওই রাজ্যে। অধিকাংশের পরিবার থাকে বাংলায়। সেই সব পরিযায়ী শ্রমিকরা যাতে সম্বৎসর নিজের রাজ্যেই থাকেন, তার ব্যবস্থা করছে সরকার। আর এজন্য একাধিক সরকারি প্রকল্পকে বেছে নেওয়া হয়েছে। কী রকম?
বাংলায় কত পরিযায়ী শ্রমিক?
শ্রম দফতরের তথ্য বলছে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলা মিলিয়ে মোট ২২,২৪,০৬০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন।
সংখ্যার বিচারে শীর্ষে মুর্শিদাবাদ। এই জেলায় রয়েছেন ৩,৮৬,১৯১ জন পরিযায়ী শ্রমিক। দ্বিতীয় স্থানে মালদায় আছেন ২,৮৬,৩২৯ জন। এরপর যথাক্রমে পশ্চিম মেদিনীপুর (১,৬৮,৫৭০), নদিয়া (১,৬১,৯০৮), পূর্ব মেদিনীপুর (১,৫৭,৩৭৬), দক্ষিণ ২৪ পরগনা (১,৫০,৯৮৭), কোচবিহার (১,৪৪,৯১৬), উত্তর ২৪ পরগনা (১,২৭,৯৩৬), উত্তর দিনাজপুর (১,২০,১৬০) এবং পূর্ব বর্ধমান (১,১২,৪৫২)।
১২৫ দিনের কাজ
গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ভিবি-জি রাম জি (VB–G RAM G) প্রকল্পের আওতায় আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এ ব্যাপারে জেলায় জেলায় নবান্নের নির্দেশ পৌঁছে গিয়েছে। প্রণিধানযোগ্য, বাংলায় নতুন সরকার আসার পর ১ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (Viksit Bharat–Guarantee for Rozgar and Ajeevika Mission)। কেন্দ্রীয় এই প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের প্রতি বছর ন্যূনতম ১২৫ দিনের কাজের নিশ্চয়তা মেলে। রাজ্য সরকারের নির্দেশ, প্রতিটি জেলায় যোগ্য কর্মপ্রার্থীদের দ্রুত এই প্রকল্পের আওতায় নথিভুক্ত করতে হবে। এর লক্ষ্য জীবিকার নিরাপত্তা জোরদার করা এবং কাজের সন্ধানে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা কমানো।
জেলাশাসককে চিঠি
সমস্ত জেলাশাসককে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। তাতে বলা হয়েছে, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যকে প্রতি অর্থবর্ষে ১২৫ দিনের কাজ দিতে হবে। প্রতিটি পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড (Gramin Rozgar Guarantee Card)। যোগ্য পরিবারগুলিকে দ্রুত কার্ড দিয়ে ১০০ শতাংশ কভারেজ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কী ধরনের কাজের প্রয়োজন, সেই তথ্যও নথিভুক্ত করা হবে। অন্য রাজ্যে থাকা শ্রমিকদেরও বাংলার গ্রামীণ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও তৈরি।
এছাড়া আয়ুষ্মান যোজনায় নিরখচায় চিকিৎসাও পাবেন পরিযায়ী শ্রমিকরা। ওই স্কিমেও নাম তোলার কাজ চলছে দ্রুত গতিতে। আয়ুষ্মান যোজনায় যোগ্য না হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আসবেন পরিযায়ী শ্রমিকরা। দুটো স্কিমেই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। বাংলার বাইরেও চিকিৎসার সুবিধে পাবেন।