• গোপন প্রেম, তরুণীকে খুনের হুমকি! খান স্যরের বিরুদ্ধে এফআইআর পাটনায়
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৬
  • পাটনায় দুই কোচিং সেন্টারের মধ্যে সংঘাতের পর ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফয়জল খান (Faisal Khan) ওরফে খান স্যর। এক তরুণীর অভিযোগ, শিক্ষকের গোপন প্রেমের সম্পর্ক জেনে ফেলায় লাগাতার খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। ঘটনার জেরে বিহারের পাটনার পীরবহোর থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তরপ্রদেশের ওই তরুণী। এমনকী বিহারের মুখ্যমন্ত্রী ও পাটনা জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন জানানো হয়েছে তরুণীর তরফে।

    তরুণীর অভিযোগ, খান স্যর সম্পর্কিত বেশকিছু ঘটনার সাক্ষী তিনি। তরুণীর দাবি অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে তাঁর বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন খান স্যর। পাটনায় তাঁদের দেখা হত। বন্ধ ঘরে সময় কাটাতেন তাঁরা। এই ঘটনার প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হয় তাঁকে। এই তথ্য জানার জন্য ২০১৯ সাল থেকে লাগাতার তাঁকে হেনস্তা করে চলেছেন খান স্যর। এমনকী খান স্যরের ইন্ধনে পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা করে। সুলতানগঞ্জ থানার পুলিশ তরুণীকে তলব করে।

    পুলিশের কাছে তরুণীর অভিযোগ, তাঁর হাতে যে গোপন তথ্য রয়েছে তা যাতে কোনওভাবে প্রকাশ না হয়, সে জন্য লাগাতার হুমকি দিচ্ছেন খান স্যর। গত কয়েক বছর ধরে আতঙ্কে কাঁটা তিনি। যে কোনও সময় তিনি খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাটনা সদরের ডিএসপি রাজেশ কুমার বলেন, পীরবহোর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সম্ভবত তিনি যৌন নির্যাতনের শিকার। ইতিমধ্যেই মহিলা পুলিশ আধিকারিক তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁর বয়ান রেকর্ড করেছেন।

    উল্লেখ্য, সাম্প্রতি সময়ে দফায় দফায় সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিহারের খান স্যর। কোচিং সেন্টারে গুলিকাণ্ডে এফআইআর দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল, নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শিক্ষক তথা ইউটিউবার ফয়জল খান ওরফে ‘খান স্যর’। এই ঘটনায় সম্প্রত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এক সাংবাদিক। এসবের মাঝেই এবার নয়া বিপদ খান স্যরের।
  • Link to this news (প্রতিদিন)