ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?
প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৬
রেল বা স্টেশন চত্বরে পানের পিক ফেলা বা নোংরা করা রুখতে এবার বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways)। এখন থেকে এই ধরনের পদক্ষেপে দ্বিগুণ জরিমানা করবে রেল। এই ধরনের কর্মকাণ্ডকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে।
গত ২৪ আগস্ট সরকারি গেজেটে রেল মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নিয়ম কার্যকর করা হয়েছে। রেল বা স্টেশন চত্বর নোংরা করা রুখতে ২০১২ সালে যে নিয়ম তৈরি করা হয়েছিল, সেই অনুযায়ী জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা। বর্তমান গেজেটে সেই নিয়ম বদলে ১০০০ টাকা করা হয়েছে। ধরা পড়ার পর যদি অভিযুক্ত ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করেন সেক্ষেত্রে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। তখন অভিযুক্তের সর্বোচ্চ আর্থিক জরিমান হবে ২০০০ টাকা। স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট কালেক্টর, পরিচালন বিভাগের সমমর্যাদার আধিকারিক এবং রেল কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরা এই জরিমানা আদায় করতে পারেন।
সংশোধিত নিয়ম অনুযায়ী, যে সকল অপকর্মে এই জরিমানা করা হবে সেগুলি হল, নোংরা ফেলার নির্ধারিত জায়গা ছাড়া কেউ যদি রেল স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে ময়লা ফেলেন সেক্ষেত্রে এই জরিমানা করা হবে। এছাড়া স্টেশন চত্বরে রান্না করা, স্নান করা, থুতু ফেলা, প্রস্রাব করা, মলত্যাগ করা, পশু বা পাখিদের খাওয়ানো, গাড়ি, বাসন বা কাপড় ধোয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ যদি এই ধরনের কাজ করেন সেক্ষেত্রে জরিমান করা হবে।
এছাড়া আরও বলা হয়েছে, রেলের সম্পত্তি নষ্ট বা বিকৃত করা যাবে না। ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে অনুমতি ছাড়া পোস্টার মারা যাবে না, দেওয়াল লিখন বা ছবি আঁকা সম্পূর্ণ নিষিদ্ধ। মার্কার দিয়ে নাম লিখলে বা কিছু বিকৃত করার চেষ্টা করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। যারা স্টেশন চত্বরে জিনিসপত্র বিক্রি করবেন তাঁদের ডাস্টবিন রাখতে হবে। নিয়ম না মানলে জরিমানার পরিমাণ হবে ১০০০ টাকা। ট্রেন ও স্টেশন চত্বর পরিষ্কার রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে রেলের তরফে।