• লিফটের দরজা আটকে বিপত্তি, যাত্রীদের উদ্ধার করল রেল পুলিশ
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • প্ল্যাটফর্মের মধ্যে থাকা লিফটে আটকে পড়েছিলেন যাত্রীরা। তাঁদের উদ্ধার করে রেল পুলিশ। শুক্রবার রাত ১০টা নাগাদ হাওড়ার লিলুয়া স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা লিফটে এই ঘটনা ঘটে। যাত্রীরা সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন আধিকারিকরা।

    রেল পুলিশ সূত্রে খবর, ৯ জন যাত্রী নিয়ে নামছিল লিলুয়া স্টেশনে থাকা ওই লিফটটি। যাত্রীদের মধ্যে দু'জন বৃদ্ধ ছাড়াও একটি শিশু ছিল বলেও জানা গিয়েছে। নীচে নামার সময়ে আচমকা বন্ধ হয়ে যায় লিফটি। ফলে লিফটের মধ্যেই আটকে যান যাত্রীরা। আতঙ্কে আর্তনাদ শুরু করেন সবাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন বেলুড় জিআরপি-র আধিকারিকরা। লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। ওই যাত্রীরা সকলেই সুস্থ এবং অক্ষত আছেন বলে জানিয়েছেন তাঁরা।

    তবে, কী কারণে লিফটি আটকে যায় তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এই বিপত্তি বলেও মনে করছেন তাঁরা। ওই ত্রুটি খুঁজে বের করে দ্রুত মেরামত করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)