• দুই যমজ শিশু মৃত, রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • এই সময়, মালদা: আবারও মালদা মেডিক্যাল কলেজে দুই যমজ নবজাতকের মৃত্যুতে বিতর্ক তৈরি হলো। চলতি মাসে এখনও পর্যন্ত ৬০ জন নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবার স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছে কমিশন। জানা গিয়েছে, অগস্ট মাসের প্রথম তিন সপ্তাহে মালদা মেডিক্যালে ৬০ জন শিশু মৃত্যুর ঘটনা তাঁদের নজরে এসেছে।

    এর মধ্যে একই দিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছিল অগস্টের ১২ তারিখে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মালদা মেডিক্যাল কর্তৃপক্ষ রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য ভবনে।

    ঝাড়খণ্ড রাজ্যের রাজমহল এলাকার বাসিন্দা দীপিকা সরকারের যমজ সদ্যোজাত সন্তানের শুক্রবার সকালে মৃত্যু হয়। যদিও দীপিকা গত বুধবার ইংরেজবাজার শহরের গাবগাছি এলাকার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। ওইদিন রাতেই ছেলে এবং মেয়ে প্রসব করেন তিনি। এরপর থেকেই ওই সদ্যোজাতদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সঙ্কটজনক অবস্থায় ওই দুই সদ্যোজাতকে ভর্তি করানো হয় মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে। শুক্রবার প্রথমে ছেলে তারপরে মেয়ে নবজাতকের মৃত্যুর কথা জানায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি অগস্ট মাসে ৬২ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ শিশুদেরই জন্ম হয়েছে কোনও নার্সিংহোম অথবা বাড়িতে। বিভিন্ন সংক্রমণ, শ্বাসকষ্টজনিত কারণ এবং ওজন কম হওয়ায় সঙ্কটজনক অবস্থায় ওইসব সদ্যোজাতদের পরবর্তীতে ভর্তি করানো হচ্ছে।

    এ দিন ঝাড়খণ্ড থেকে আসা দীপিকার এক ভাই দেবু সরকার বলেন, 'আমার দিদির এটা প্রথম ইস্যু ছিল। আমাদের বাড়ি মানিকচকে। রাজমহলের সেরকম চিকিৎসা ব্যবস্থা না থাকায় মালদার একটি নার্সিংহোমে দিদিকে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে মেডিক্যাল কলেজে যমজ দুই নবজাতককে ভর্তি করানো হলেও বাঁচানো সম্ভব হয়নি।'

    মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রসেনজিৎ বর অবশ্য কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে এ দিনের দুই নবজাতকের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, 'ওই শিশুদের জন্ম নার্সিংহোমে হয়েছিল এবং খারাপ অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছিল।' শুক্রবার দুপুরে মালদা মেডিক্যাল কলেজে এত বিপুল সংখ্যক নবজাতকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভপ্রতিবাদ দেখানো হয়। সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশনও তুলে দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)