• জমিতে চাষে গিয়ে পায়ে ক্ষত, সর্পভ্রমে আতঙ্কে মৃত্যু বৃদ্ধের
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • এই সময়, রায়গঞ্জ: চাষের জমিতে কাজ করতে গিয়ে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত গৌরী গ্রামে। মৃতের নাম জগদীশ বর্মন (৬৪)। পেশায় তিনি কৃষক। কৃষক তাঁকে সাপে কামড়ানোর কথা বললেও, তা নিয়ে সন্দিহান বাড়ির লোকজন।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজের জমিতে চাষের কাজে গিয়েছিল জগদীশ। বিকেল নাগাদ তড়িঘড়ি জমি থেকে ফিরে পরিবারের সদস্যদের জানান, যে তাঁর ডান পায়ে সাপে কামড় দিয়েছে। ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। পরিবারের সদস্যদের কাছে তক্ষুণি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। দেরি না করে বাড়ির লোকজন তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক জগদীশকে মৃত বলে ঘোষণা করেন।

    তবে বৃদ্ধ নিজে সাপে কামড়ের কথা বললেও তাঁর পরিবারের লোকেদের কিন্তু অনুমান যে, তাঁকে সাপে কামড় দেয়নি। তিনি আতঙ্কিত হওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। পরিবারের লোকেদের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে চিকিৎসকেরাও স্পষ্ট ভাবে কিছু জানায়নি।

    এই ঘটনায় মৃতের ছেলে প্রশান্ত বর্মন বলেন, 'বাবাকে সাপে কামড় দেয়নি, ক্ষতস্থান দেখে প্রাথমিক ভাবে আমাদের সেটাই মনে হচ্ছে। এমনকী, চিকিৎসকরাও সাপের ছোবলের কথা বলেননি। সাপে কামড়েছে ভেবে জমি থেকে ফিরে বাবা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। আমরা দ্রুত বাবাকে নিয়ে রায়গঞ্জ মেডিক্যালের উদ্দেশে রওনা হই, তবে রাস্তাতেই মৃত্যু হয় বাবার। মনে হয়, আতঙ্কে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে।'

    মৃত্যুর কারণ জানতে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে। হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

  • Link to this news (এই সময়)