• সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি, টানা কতদিন বন্ধ থাকবে সমস্ত কাজ
    আজকাল | ২৮ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক কর্মীদের একাধিক দাবি ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউএফবিইউ। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ, অভিন্ন ডিয়ারনেস অ্যালাউন্স ফর্মুলা, পেনশন-সংক্রান্ত সমস্যা-সহ একাধিক দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

    ইউএফবিইউ হল দেশের নয়টি ব্যাঙ্ক কর্মী ও অফিসার সংগঠনের যৌথ মঞ্চ। ইউনিয়নগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক দাবি নিয়ে সরকার এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান হয়নি। সেই কারণেই আগামী মাসে দেশব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ১১ সেপ্টেম্বর শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরপর ১২ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার, ফলে এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ১৪ সেপ্টেম্বর কিছু রাজ্যে গণেশ চতুর্থীর জন্য ছুটি রয়েছে। ফলে ধর্মঘট হলে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ইউনিয়নগুলির দাবি পূরণ না হলে প্রথম দফার আন্দোলনের পর আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের সর্বভারতীয় ধর্মঘট হতে পারে। এরপরও দাবি না মানলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে যাওয়ার ঘোষণা করেছে ইউএফবিইউ।

    ব্যাঙ্ক কর্মীদের অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা। ২০২৪ সালের ৮ মার্চ স্বাক্ষরিত ১২তম দ্বিপাক্ষিক সমঝোতা ও ৯ম জয়েন্ট নোটে পাঁচ দিনের কাজের প্রস্তাবে ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সম্মতি দিয়েছিল বলে ইউনিয়নের দাবি।

    প্রস্তাব অনুযায়ী, শনিবার-রবিবার ছুটি দেওয়ার বদলে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন প্রায় ৪০ মিনিট অতিরিক্ত কাজ করে সেই সময়ের সমন্বয় করার কথা ছিল। কিন্তু প্রস্তাবটি সরকারের কাছে পাঠানোর পরও এখনও অনুমোদন মেলেনি বলে অভিযোগ ইউনিয়নের।

    সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়, তার উপরই নির্ভর করছে ১১ সেপ্টেম্বরের ধর্মঘট বাস্তবে কতটা প্রভাব ফেলবে। তবে দাবি পূরণ না হলে একাধিক ধাপে আন্দোলন আরও তীব্র করার বার্তা স্পষ্ট করে দিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলি।
  • Link to this news (আজকাল)