প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হলো মোবাইল। বাজেয়াপ্ত করা হয়েছে কার্ড রিডার, ওটিজি কেবল, জোড়া স্মার্টফোন, আইফোন। যাববজ্জীবন কারাদণ্ড ভোগ করছে আফতাব। তার সেল থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নেপাল থেকে ফিরলেন তামিলনাড়ুর ২১ জন তীর্থযাত্রী। শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরে পা রাখেন তাঁরা। আতঙ্কের রেশ এখনও কাটেনি। চোখেমুখে ভয়, উদ্বেগ। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন বিজয় ভুবনেশ্বরী। তিনি বললেন, ‘আমাদের দ্বিতীয় জন্ম হয়েছে।’
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উজবেকিস্তানের প্রধানমন্ত্রী শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নোটিস ছাড়াই বন্ধ হয়ে গেল পূর্ব মেদিনীপুরের গেঁওখালি-নুরপুর ফেরি সার্ভিস। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকাল ১০টার পর থেকে বন্ধ হয়ে যায় রূপনারায়ণ নদীর ফেরি সার্ভিস। গন্তব্যে পৌঁছতে বিকল্প রাস্তা বেছে নিতে হচ্ছে তাঁদের।
হড়পা বানে বিপর্যস্ত নেপাল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ ১৯২৪ জন। এর মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।
কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-এর দাম বাড়ল দিল্লিতে। শুক্রবার রাতে এই ঘোষণা করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। প্রতি কেজিতে দাম বেড়েছে ৩.৮৯ টাকা। এক কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা। এ বার দেশের অন্যান্য রাজ্যেও দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সিএনজি-এর দাম বাড়ায় অটো ও ক্যাবের ভাড়া বৃদ্ধি একপ্রকার নিশ্চিত।
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও।