বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তনের জেরে উত্তাল থাকবে উপকূলও। সেই কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যজুড়ে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। সেই কারণে মৎস্যজীবীদের সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ২৯ আগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওডিশা, ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে অস্বস্তি কাটবে না।