সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারের মৃত্যু ঘিরে আদালতে চাপানউতোর
বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তদন্ত নিয়ে ফের চাপানউতোর। টানা দু’দিন বম্বে হাইকোর্টে হাজিরা দিতে হল মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশকে। ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাড এলাকার ১৫তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। তবে সেটি আদৌ আত্মহত্যা না খুন, তা নিয়ে এই ছ’বছর ধরে নানা টালবাহানা চলেছে। তার জেরেই তদন্তে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। প্রথমে আত্মহত্যার তদন্ত শুরু হলেও, পরে সেই তদন্ত মোড় নেয় খুনের ঘটনায়। তবে গোটা বিষয়েই ধোঁয়াশা ছিল। শুক্রবার সে সব বিষয় নিয়েই প্রশ্ন তোলে আদালত। বিচারপতি বেঞ্চের প্রশ্ন, ১৫ তলা থেকে পড়ে গিয়ে একজনের শুধুমাত্র দাঁত ভেঙে গেল? খুলির হাড় ভাঙেনি। এটা কীভাবে সম্ভব? যদিও সরকার পক্ষের আইনজীবী শিশির হীরে জানান, দিশার মুখ, খুলি এবং পাঁজরের হাড় ভেঙে যাওয়ার বিষয় রেকর্ডে ছিল। দুর্ঘটনার প্রায় ছ’ঘণ্টা পর তদন্ত শুরু হয়। সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তোলে আদালত। তারপর বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, গোটা ঘটনার সবদিক বিবেচনা করেও বিষয়টি স্পষ্ট হচ্ছে না। এদিকে আবার এই ঘটনায় নাম জড়িয়েছে শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারের ছেলে আদিত্যর। তাঁর আইনজীবী বলেন, দিশার বাবা যেভাবে হাইকোর্টে সরাসরি খুনের অভিযোগ দায়ের করেছেন, তা আইন মোতাবেক হয়নি।