• বিধ্বস্ত নেপাল থেকে নিখোঁজ মল্লারপুরের জামাই, উদ্বেগ
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, মল্লারপুর: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে নিখোঁজ বীরভূমের মল্লারপুরের জামাই অশোক পাল। ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে না পেরে চরম উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। খবর পেয়ে ইতিমধ্যেই অশোকবাবুর শ্বশুরবাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন।

    অশোকবাবুর বাড়ি বাঁকুড়ার ইন্দাস ব্লকের মধুনিয়া গ্রামে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে নেপালের ত্রিশুলিয়া এলাকার একটি পাওয়ার স্টেশনে সুপারভাইজার পদে কর্মরত। বছর কয়েক আগে মল্লারপুরের কোঁড়াপাড়ার বাসিন্দা জবা দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। জবাদেবী বর্তমানে আড়াই বছরের পুত্রসন্তানকে নিয়ে মল্লারপুরে বাপেরবাড়িতেই থাকেন। টেলিভিশনে নেপালের বিপর্যয়ের খবর দেখার পর থেকেই জবাদেবী ও তাঁর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।

    জবাদেবী বলেন, গত মঙ্গলবার রাতে মোবাইলে বেশ কিছুক্ষণ স্বামীর সঙ্গে কথা হয়েছিল। বুধবার সকাল ৯টা নাগাদ হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চান, ছেলে কী করছে? তারপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। 

    এদিন মল্লারপুর-১ বিডিও নিবিড় মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় কোঁড়াপাড়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিডিও বলেন, জেলাশাসকের নির্দেশে আমরা অশোক পালের কাজের স্থান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে এসেছি। বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। অশোকবাবুর সঙ্গে যোগাযোগের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

    পঞ্চায়েত সমিতির সভাপতি পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, বিপর্যয়ের কারণে নেপালে মোবাইল টাওয়ার এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই যোগাযোগ না হওয়া মানেই খারাপ কিছু ভাবার কারণ নেই। ভারত ও পশ্চিমবঙ্গ সরকার আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকম পদক্ষেপ নিচ্ছে।
  • Link to this news (বর্তমান)