• ফরাক্কায় গঙ্গার জলস্তর বাড়ায় আতঙ্কিত বাসিন্দারা
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, জঙ্গিপুর: নেপালে ভয়াবহ হড়পা বান এবং উত্তরপ্রদেশের পাহাড়ী নদীর জল নেমে আসায় হু-হু করে বাড়ছে গঙ্গার জলস্তর। গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করায় ফরাক্কা ব্যারেজ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এই অবস্থা আগামী সাতদিন পর্যন্ত থাকবে বলে অনুমান করছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই গঙ্গার জলস্তর দ্রুত বাড়ছিল। এদিন সকালে গঙ্গার জলস্তর রেকর্ড করা হয়েছিল ২২.৭৯ মিটার। দুপুর ২টোয় তা হয় ২২.৮২ মিটার। অর্থাৎ ফরাক্কায় গঙ্গার জল বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ব্যারেজ বিশেষজ্ঞদের অনুমান, আগামী সাতদিন জলস্তর এরকম থাকতে পারে। তবে নেপালের হড়পা বানের জল এবং উত্তরপ্রদেশের উপচে পড়া জলভাগ পুরোপুরি এসে পৌঁছালে গঙ্গার জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফরাক্কা ব্যারেজের আধিকারিকরা। পরিস্থিতি বিচার করে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই নদী তীরবর্তী বাসিন্দাদের সাবধান করার কাজ শুরু করেছে। গঙ্গার জলস্তর বাড়ায় রঘুনাথগঞ্জ, সাগরদিঘি ও সামশেরগঞ্জের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। যদিও শুক্রবার বিকেল পর্যন্ত রঘুনাথগঞ্জ কিংবা সামশেরগঞ্জ সংলগ্ন নদীর খাঁড়িতে জলের বৃদ্ধি তুলনামূলকভাবে অনেকটাই কম। সাগরদিঘির বাসিন্দা রাম মণ্ডল ও বাপি সরকার বলেন, সকাল থেকে দু’আঙুল মতো জল বেড়েছে। এই সময় তো জল বাড়েই। 
  • Link to this news (বর্তমান)