• অনুদান কি মিলবে? উদ্বেগে ছোটো ও মাঝারি পুজোর উদ্যোক্তারা
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, তেহট্ট: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলেও সরকারি অনুদান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। রাজ্য সরকারের তরফে অনুদান সংক্রান্ত নতুন নির্দেশিকা না আসায় আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট মহকুমার একাধিক দুর্গাপুজো কমিটি। সরকারি সাহায্য মিলবে কি না, মিললেও তার পরিমাণ কত হবে, সেসব স্পষ্ট না হওয়ায় অনেক কমিটিই এখনও পুজোর বাজেট চূড়ান্ত করতে পারছে না। ফলে উদ্বেগ বাড়ছে উদ্যোক্তাদের।

    পুজো কমিটিগুলির একাংশের দাবি, সরকারি অনুদানের টাকা হাতে আসবে ধরে নিয়েই প্রতিবছর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খাতে খরচের পরিকল্পনা করা হয়। অনুদানের পরিমাণ জানা না থাকায় এবার বাজেটই করা যাচ্ছে না। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলির চিন্তা বেশি।

    উদ্যোক্তাদের বক্তব্য, গত কয়েক বছরে সরকারি সাহায্য পুজোর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই অর্থের উপর নির্ভর করে অনেক কমিটিই মণ্ডপ, আলো কিংবা অন্যান্য আয়োজনে কিছুটা বাড়তি পরিকল্পনা করে। কিন্তু অনুদান না মিললে অথবা প্রত্যাশার তুলনায় কম এলে শেষ মুহূর্তে খরচ কমাতে হবে। তার প্রভাব পড়তে পারে পুজোর সামগ্রিক আয়োজনে। এর পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর খরচ বাড়ার আশঙ্কাও রয়েছে। প্রতিমা তৈরি, মণ্ডপ নির্মাণ, আলো, ঢাক থেকে শুরু করে পুজোর অন্যান্য আনুষঙ্গিক খরচ, সব ক্ষেত্রেই বাড়তি ব্যয়ের সম্ভাবনা রয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। ফলে সরকারি অনুদানের বিষয়টি দ্রুত স্পষ্ট না হলে শেষ মুহূর্তে আর্থিক চাপ সামলানো কঠিন হতে পারে বলে আশঙ্কা তাঁদের। শুধু অনুদানের পরিমাণ নয়, গত বছর যে সমস্ত পুজো কমিটি সরকারি সাহায্য পেয়েছিল, এবারও তারা সেই তালিকায় থাকবে কি না, নাকি নতুন করে তালিকা তৈরি হবে, উদ্বেগ তা নিয়েও। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত কোনও নির্দেশি বা স্পষ্ট বার্তা এখনও আসেনি। ফলে পুজোর প্রস্তুতি এগনোর পাশাপাশি অনুদানের দিকে তাকিয়ে রয়েছে তেহট্ট মহকুমার একাধিক পুজো কমিটি। অনুদানের বিষয়টি স্পষ্ট হলে বাজেট থেকে শুরু করে পুজোর বাকি প্রস্তুতি পরিকল্পনা মাফিক এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
  • Link to this news (বর্তমান)