• স্বাস্থ্যদপ্তরে ছুটির দিনে হাজিরার নির্দেশ ঘিরে ক্ষোভ, পরে বাতিল
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, মানবাজার: বিতর্কের মুখে পড়ে রবিবার স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ বাতিল করল মানবাজার গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। মানবাজারের বিএমওএইচ মৃণাল সিং সর্দার বলেন, রবিবার কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন সহ স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের প্রস্তাবিত পুরুলিয়া সফরের আগে বৃহস্পতিবার মানবাজার গ্রামীণ হাসপাতালের বিএমওএইচের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত হাসপাতালের সমস্ত ওপিডি স্বাভাবিকভাবে খোলা ও কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মানবাজার গ্রামীণ হাসপাতালের অধীনস্থ সমস্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাব-সেন্টার এবং বিএমওএইচের দপ্তরও সচল রাখার কথা বলা হয়। নির্দেশিকায় সমস্ত অফিসার, মেডিক্যাল অফিসার, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য কর্মীকে ওই তিনদিন কর্মস্থলে উপস্থিত থেকে পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছিল। একই সঙ্গে ‘স্টেশন লিভ’ অনুমোদন না করার কথাও উল্লেখ করা হয়। এদিকে, ২৮ আগস্ট শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে সরকারি ছুটি এবং ৩০ আগস্ট রবিবার। ফলে ছুটির দিনেও কর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ ঘিরে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে আপত্তি জানান ভারতীয় মজদুর সংঘের শ্রমিক নেতা অভয় মাহাতো। তাঁর বক্তব্য, রবিবার সরকারি ছুটির দিন। সেই দিনে কর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব ফেলবে। স্বাস্থ্যকর্মীদের মধ্যেও এই নির্দেশ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতেই শুক্রবার মানবাজার গ্রামীন হাসপাতালের পক্ষ থেকে আরেকটি নির্দেশিকা জারি করা হয়। তাতে আগের নির্দেশিকা অর্থাৎ বৃহস্পতিবারের নির্দেশিকা বাতিল বলে উল্লেখ করা হয়। অভয় মাহাতো বলেন, স্বাস্থ্যদপ্তরকে ধন্যবাদ।
  • Link to this news (বর্তমান)