• মমতার সভায় চেনা ভিড়ের ছবি, বাংলায় দ্রুত ক্ষমতায় ফিরবে তৃণমূল, দাবি নেত্রীর
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাইয়ের পর ২৮ আগস্ট। ফের সংগঠনের রাজনৈতিক শক্তির প্রমাণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে ছাত্র সমাবেশের সভাস্থল উপচে পড়ল জনসমর্থনে। তরুণ প্রজন্মের উৎসাহ-উদ্দীপনাকে সঙ্গী করে এবং দলের সর্বস্তরের কর্মীদের একজোট থাকার ও লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আত্মবিশ্বাসী সুরে জানিয়েও দিলেন, তৃণমূল শীঘ্রই ক্ষমতায় ফিরবে।  এদিন মমতার সভায় একটা সময় ভিড়টা এমন হয়ে গিয়েছিল যে, ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম হয়। ঘটনাচক্রে সেইসময় সভাস্থলের একটি অংশ দিয়ে গাড়ি চলাচল করছিল। মিটিং থামিয়ে পুলিশের কাছে মমতা অনুরোধ করেন, ওই রাস্তা দিয়ে একঘণ্টা গাড়ি চলাচল বন্ধ রাখতে। 

    দিল্লিতে ছাত্র আন্দোলনের যে ছবি সামনে এসেছিল, সেটাকেই স্মরণ করিয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ ঝাঁজালো করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আর একটি বড়ো পরিবর্তন আসবে। তৃণমূল ক্ষমতায় ফিরবে খুব শীঘ্রই। দিল্লি গেলেই বাংলা টলমল হয়ে যাবে বিজেপির। মেসেজ এসে গিয়েছে খুব শীঘ্রই যাচ্ছে। মমতার আরও বক্তব্য, পুলিশ বিজেপির হয়ে নির্লজ্জভাবে কাজ করছে। আমাদের পাড়ার এক ছেলেকে কালীঘাট থানার ওসি হুমকি দিয়ে বলেছে, এখনো তৃণমূল করছিস! অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে। এবার আমরা পুলিশের বিরুদ্ধে মমলা করব। 

    সম্প্রতি মমতার উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন, ফেসবুকে থাকতে। বাইরে না-বেরোতে। যার পালটা এদিন মমতা বলেন, আমার বুকের পাটা আছে বেরিয়েছি। এরপর জেলায় জেলায় ঘুরব। দিল্লি যাব। দেখি কে আটকায়। যদিও বিজেপি সাংসদ রাহুল সিনহা পালটা বলেন, মানুষ মমতার সঙ্গে নেই। ওঁর রাজনৈতিক অবসর নেওয়া উচিত। এদিন মমতা দশজন হকার বন্ধুর হাতে রাখি পরিয়ে দেন এবং মিষ্টিমুখের জন্য প্রত্যেককে দেন পাঁচ হাজার টাকা দেন। 

    বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে সাইনবোর্ড খোলা নিয়ে পুলিশ ও পুরসভার অভিযান ঘিরে তুমুল চর্চা চলছে রাজনৈতিক মহলে। ওই সূত্রেই এদিন অভিষেক বলেন, অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রাখেন। যতক্ষণ না মরব, ততক্ষণ বিজেপির কাছে হারব না। পাঁচবছর পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। আর বেইমানদের একজনকেও তৃণমূলে আর নেওয়া হবে না। এদিন সভামঞ্চ থেকে ঝোড়ো ভাষণ দিয়ে কর্মী-সমর্থকদের হাততালি কুড়োলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, যেখানে মমতা সেটাই তৃণমূল। আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এনসিপিআইতে যাওয়া ২০ জন সাংসদের এমপি পদ খারিজ করে দেখাব। তারপর মমলা করব বিধায়কদের বিষয়ে।
  • Link to this news (বর্তমান)