• পুরভোটে বিজেপি একাই লড়ছে,  দেখতে চায় বাংলার মানুষ: রাহুল
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বিজেপি একাই লড়ছে, দেখতে চায় বাংলার মানুষ।’ এনসিপিআইয়ের সঙ্গে বিজেপির জোট নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কদিন আগে যে দাবি করেছিলেন, এই কথায় সেই সম্ভাবনা কার্যত নস্যাৎ করে দিলেন বিজেপি সাংসদ রাহুল সিনহা।

    সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এনসিপিআই এবং ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে পুরভোটে বিজেপির জোট হবে কি না, তা নিয়ে রাজ্যে জোর জল্পনা চলছে। কদিন আগেই সুদীপ বলেছিলেন, ‘আমরা এনডিএ শরিক হিসাবে পুরসভা নির্বাচনে লড়ব। এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এবং তাঁরা বিষয়টি নিশ্চিত করেছেন।’ তাঁর মন্তব্যের পর ভোটে জোট করে লড়ার সম্ভাবনা উঁকি দেয়।

    আসন্ন পুরভোটে রাহুল সিনহাকে হাওড়ার ইনচার্জ করেছে বিজেপি। সেই সূত্রে পুর নির্বাচনের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অধিকারী তিনি। দায়িত্বের সেই জায়গা থেকে সরাসরি কিছু বলেননি। তবে ঘুরিয়ে জোট সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন। পুরভোটের জন্য রাহুল সিনহার এই ইঙ্গিত যথেষ্ট গুরুত্বপূর্ণ। মনে করছে রাজনৈতিক মহল। 

    শুক্রবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাংসদ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদবপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র-রাজনীতি প্রভৃতির সঙ্গে এনসিপিআই নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান রাহুল। সেই সূত্রেই একলা লড়ার ইঙ্গিত উঠে আসে তাঁর বক্তব্যে। 

     
  • Link to this news (বর্তমান)