• রাস্তা খারাপ, বিধায়কের  নামে পোস্টার ধূলাগড়ে
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তার বেহাল দশা নিয়ে সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালকে নিশানা করে পোস্টার সাঁটা হল ধুলাগড়ে। শুক্রবার সকাল থেকে ধূলাগড় এলাকার একাধিক জায়গায় নজরে আসে ‘সন্ধান চাই’ পোস্টার। সেখানে লেখা, ‘সাঁকরাইলের রাস্তার বেহাল দশা, প্রিয়া পাল তুমি কোথায়?’ কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধূলাগড় শিবতলা থেকে টোল প্লাজা পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। বিধানসভা নির্বাচনের আগে রাস্তার বিভিন্ন অংশে জোড়াতাপ্পি দিয়ে মেরামত করা হয়েছিল। কিন্তু বর্ষা শুরু হতেই মেরামতির চিহ্ন কার্যত উধাও। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড়ো বড়ো গর্ত। তার উপর বৃষ্টির জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে। যদিও বিধায়ক প্রিয়া পাল জানিয়েছেন, তিনি কোথাও যাননি, এলাকায় রয়েছেন। রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ফান্ড এখনও আসেনি। মুখ্যমন্ত্রী কাজ হবে বলে আশ্বস্ত করেছেন। টাকা এলেই রাস্তার কাজ শুরু করা হবে।
  • Link to this news (বর্তমান)