• গাছের গায়ে রাখি বেঁধে পরিবেশ বাঁচানোর বার্তা শ্যামপুর-চাকদহে
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া ও কল্যাণী: গাছের গায়ে রাখি বেঁধে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করল স্কুলের খুদে পড়ুয়ারা ও পরিবেশ কর্মীরা। সেইসঙ্গে ছড়িয়ে দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা। শুক্রবার রাখি উৎসবকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের কর্মসূচি হয়েছে। তবে গাছের গায়ে রাখি বাঁধার দৃশ্য দেখা গিয়েছে হাওড়ার শ্যামপুরে নুনেবাড় মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে খুদে পড়ুয়ারা গাছের ডালে রাখি বেঁধে দিনটি উদযাপন করেন। একইভাবে চাকদহের পায়রাডাঙায় নদীর পাড় থেকে শুরু করে বিভিন্ন স্কুল, সরকারি দপ্তর, রেল স্টেশন, পার্ক ও রাস্তার ধারে এদিন কম করে ৫০০ রাখি বেঁধে এই দিনটি পালন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

    রাখি বন্ধনের দিন যাত্রীদের হাতে রাখি বেঁধে রেল সুরক্ষার বার্তা দিল বেলুড় জিআরপি। শুক্রবার বেলুড় স্টেশনে নিত্যযাত্রীদের নিয়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন জিআরপি’র আধিকারিক ও পুলিশ কর্মীরা। যাত্রীদের হাতে রাখি পরিয়ে তাঁদের নিরাপদে যাতায়াতের আবেদন জানান তাঁরা। রাখির মাধ্যমে ভাই-বোনের মধ্যে যেমন সুরক্ষার বন্ধন তৈরি হয়, তেমনই যাত্রীদের সুরক্ষার দায়িত্বও পুলিশের। সেই বার্তা দিতেই এদিনের এই উদ্যোগ বলে জিআরপির তরফে জানানো হয়েছে। রেললাইন ধরে হাঁটা বা ঝুঁকি নিয়ে লাইন পারাপার না করার জন্য যাত্রীদের সতর্ক করা হয়। স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে ওভারব্রিজ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়। 

    এদিন শ্যামপুরের ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের হাতে রাখি পরিয়ে দেন। খুদে পড়ুয়া রিধিমা দাস, নেহা বেরা, অরণ্য সামন্ত, গৌরব সামন্তদের বক্তব্য, যাতে কেউ গাছকে আঘাত না করে সে ব্যাপারে সবাইকে সচেতন করা দরকার। স্কুলের প্রধান শিক্ষক অনুপম বর্মন বলেন, গাছকে আমাদের পরিবারের সদস্যদের মতোই ভালোবাসতে হবে। এই মানসিকতায় শিশুদের গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাকদহের কর্মসূচির উদ্যোক্তা স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক ও পরিবেশপ্রেমী কৃষ্ণেন্দু বিশ্বাস। ফেলে দেওয়া বেবিফুডের প্যাকেট, পাটের দড়ি, আঠা ও টেপ দিয়ে তিনি নিজের হাতেই এই রাখিগুলি তৈরি করেছেন। গাছ বাঁচানোর পাশাপাশি জল সংরক্ষণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা লেখা হয় প্রতিটি রাখিতে।
  • Link to this news (বর্তমান)