• নিউ বারাকপুরে প্রতিবেশীকে খুনের চেষ্টা, ৭ বছর কারাদণ্ড
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মদ্যপ অবস্থায় প্রতিবেশীকে খুনের চেষ্টা। সেই ঘটনায় নিউ বারাকপুরের বাসিন্দা কমল মজুমদারকে সাত বছর কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার বারাকপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (প্রথম আদালত) প্রশান্ত মুখোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। নিউ বারাকপুরের বাসিন্দা বিজন বিশ্বাসের প্রতিবেশী কমল মজুমদার। ২০২৪ সালের ২৬ নভেম্বর কমল মদ্যপ অবস্থায় বিজনবাবুর বাড়ির সামনে আসে। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিজনবাবু বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মদ্যপ কমল। ধারালো রাম দা দিয়ে বিজনবাবুর উপর সে হামলা চালায়। তাঁর মাথা ও গলায় একের পর এক কোপ মারে। স্বামীকে রক্ষা করতে এসে আক্রান্ত হন রিঙ্কু বিশ্বাস। তাঁর পিঠেও রাম দায়ের কোপ পড়ে। তৎকালীন নিউ বারাকপুর থানার ওসি সুমিতকুমার বৈদ্য মৃতপ্রায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে ওঠেন। পুলিশ অভিযুক্ত কমল মজুমদারকে গ্রেপ্তার করেছিল। তদন্তকারী অফিসার পার্থ দাস নির্দিষ্ট সময়ে আদালতে চার্জশিটও দাখিল করেন। সরকারি আইনজীবী শান্তনু চক্রবর্তী বলেন, সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে বিচারক কমল মজুমদারকে দোষী সাব্যস্ত করেছিলেন। ১১৮(২) ধারায় পাঁচবছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ও ১০৯ ধারায় সাতবছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। সব সাজা একসঙ্গে চলবে। 
  • Link to this news (বর্তমান)