‘স্মার্ট পিডিএস’ ব্যবস্থায় রেশন বণ্টন জটিল হয়েছে, দাবি ডিলার সংগঠনের
বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাস থেকে রাজ্যের রেশন ব্যবস্থায় ‘স্মার্ট পিডিএস’ ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু তার পর থেকে রেশন দেওয়ার প্রক্রিয়া আরও জটিল হয়েছে বলে অভিযোগ ডিলারদের সর্বভারতীয় সংগঠনের। এনিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে ওই সংগঠন। এতে গ্রাহকদের হয়রানি বেড়েছে বলেই দাবি তাদের। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, এতদিন ই-পস যন্ত্রে হাতের ছাপ বা চোখের মণি স্ক্যান করে আধারের বায়োমেট্রিক যাচাই না করা গেলে তৃতীয় একটি বিকল্প ব্যবস্থা ছিল। আধার সংযুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে রেশনের খাদ্য পাওয়া যেত। কিন্তু ‘স্মার্ট পিডিএস’ চালু হওয়ার পর এই ওটিপি-ব্যবস্থা রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক বয়স্ক ও অসুস্থ মানুষের ক্ষেত্রে তাঁদের শারীরিক কারণেই স্ক্যান করে আধারের বায়োমেট্রিক যাচাই সম্ভব হয় না। তাঁরা এতদিন ওটিপি ব্যবহার করে রেশন তুলতেন। এটা এখন সম্ভব হচ্ছে না। তাছাড়া, রেশন ডিলারদের স্টকের হিসাব মেলানোসহ নানা অসুবিধা হচ্ছে। কমিশন বাড়ানো ছাড়াও ডিলারদেব বিকল্প বিভিন্ন পদ্ধতিতে আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে বলে দাবি সংগঠনটির।