শিক্ষাক্ষেত্রে বিজেপির রাজনীতিকরণ, আন্দোলনের ডাক ছাত্র পরিষদের
বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার মহাজাতি সদনে সমাবেশ করল প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র পরিষদ। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন প্রদেশ কংগ্রেসের নেতারা। সভায় ছিলেন ছাত্র আন্দোলনের প্রবীণ নেতা কুমুদ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ইশা খান চৌধুরি, কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ যোশি, এনএসইউআইয়ের সর্বভারতীয় সভাপতি বিনোদ জাখর, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি প্রমুখ। প্রত্যেকের বক্তব্যে উঠে আসে ছাত্র আন্দোলনের কথা। দিল্লিতে ছাত্র আন্দোলনের ফলে বিজেপির ভিত যেভাবে কেঁপে গিয়েছে, সেটাই সভায় তুলে ধরেন কংগ্রেস নেতারা। তাঁদের বক্তব্য, একদিকে শিক্ষার রাজনীতিকরণ করছে বিজেপি। অন্যদিকে, ভারতের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় দেশের হাল ধরতে পারে ছাত্ররাই। নিজেদের সমস্যার পাশাপাশি দেশের কথা তুলে ধরতে হবে ছাত্রদের।
এদিনের সভায় বারবার উঠে আসে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রসঙ্গ। ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে প্রিয়রঞ্জনের লড়াইয়ের কথা তুলে ধরে কংগ্রেস নেতৃত্ব। এদিনই দক্ষিণ কলকাতায় প্রিয়রঞ্জস দাসমুন্সির নামে জেলা কংগ্রেস কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রদেশ কংগ্রেস দপ্তরে রাখিবন্ধনের কর্মসূচি আয়োজন করে সাংস্কৃতিক শাখা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও রাখিবন্ধনের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।