• রাজ্য কর্মীদের বদলিতে ভাতা বেড়ে ৫০ হাজার
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের কর্মী-অফিসারদের বদলির জন্য বর্ধিত হারে ভাতা দেওয়া হবে। স্থানান্তরের খরচ খাতে মিলবে কম্পোজিট ট্রান্সফার আ্যন্ড প্যাকিং গ্রান্ট। এই খাতে ৫০ হাজার টাকা অথবা মূল বেতনের ৮০ শতাংশের মধ্যে যেটা কম, দেওয়া হবে সেটাই। বলা হয়েছে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে। এই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে ১ জুন। এতদিন  রাজ্য সরকারি কর্মীরা বদলির জন্য যে বিশেষ ভাতা পেতেন তাকে বলা হত ট্রান্সফার গ্রান্ট অ্যান্ড প্যাকিং অ্যালাওয়েন্স। এবার নামটির বদল হয়েছে। পুরানো ব্যবস্থায় বদলিতে মিলত মোট ৩০০০ টাকা। এজন্য কোনো বিল পেশ করতে হত না। তবে পরিবারসহ স্থানান্তর এবং জিনিসপত্র বহনের জন্য এর অতিরিক্ত খরচ হলে তার নথিসহ বিল পেশ করতে হত। এই খাতে টাকার কোনও ঊর্ধ্বসীমা ছিল না। খরচের জন্য জমা দেওয়া নথির ভিত্তিতেই টাকা মিলত। এখন কম্পোজিট গ্রান্টে ৩০ কিমির বেশি দূরত্বে বদলি করা হলে নির্দিষ্ট হারে টাকা দেওয়া হবে। তার জন্য বিল নিষ্প্রয়োজন। ৩০ কিমির কম দূরত্বে বদলির ক্ষেত্রে দেওয়া হবে নির্দিষ্ট হারের তিনভাগের একভাগ টাকা। তবে তার জন্য আবাসস্থল পরিবর্তন জরুরি।
  • Link to this news (বর্তমান)