• রেজ়াল্টে লেখা থাকবে না ‘ফেল’, দশম-দ্বাদশের পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত বিহার সরকারের
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • ‘ফেল’ শব্দ তুলেই দিল বিহার সরকার। তবে পাশ-ফেল উঠছে না। দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অনুর্ত্তীর্ণ হলে রেজ়াল্টে আর ‘ফেল’ লেখা থাকবে না। শুক্রবার বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানিয়েছেন, কোনও পড়ুয়া পরীক্ষায় পাশ করতে না পারলে তাঁর মার্কশিটে ‘Fail’-এর বদলে লেখা থাকবে ‘Eligible for Skill Training’। সোজা কথায়, ওই পড়ুয়াকে স্কিল ডেভেলপমেন্ট বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

    ‘ফেল’ শব্দ তুলে দেওয়া নিয়ে এখনও পর্যন্ত সরকারি স্তরে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি বিহার সরকার। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই নির্দেশিকা জারি হবে। তাঁর মতে, কোনও পড়ুয়ার ফেল করার পিছনে নানা কারণ থাকতে পারে। তাই পরীক্ষায় পাশ করতে না পারলেই সেই পড়ুয়ার প্রতিভা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। মিথিলেশের কথায়, ‘পরে তার প্রতিভা বিকশিত হতে পারে। সেই কারণেই মার্কশিট থেকে ‘Fail’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অকৃতকার্য পড়ুয়ারা বিহার বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড এগজামিনেশন (BBOSE)-এর বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে পারবে। অর্থাৎ, পরীক্ষায় সাফল্য না এলেও তাঁদের জন্য পড়াশোনা বা ভবিষ্যতের পথ বন্ধ হয়ে যাচ্ছে না।

    শুধু মার্কশিটে পরিবর্তন নয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই উদ্যোগের অনুমোদন দিয়েছেন। ম্যাট্রিকের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের জন্য এক মাসের বিশেষ ক্লাস নেওয়া হবে। পরীক্ষার আগে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ দেওয়াই এর লক্ষ্য।

    আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে ‘Teacher Support Portal’ চালু করার পরিকল্পনা রয়েছে বিহার সরকারের। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই ‘Vidya Saathi’ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপে পড়ুয়ারা ২৪ ঘণ্টা শিক্ষকের কাছে যে কোনও বিষয়ে সাহায্য নিতে পারে। মিথিলেশ আরও জানিয়েছেন, শিক্ষকদের পছন্দ অনুযায়ী বদলির প্রক্রিয়াও সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি TRE-4 শিক্ষক নিয়োগে শূন্যপদের সংখ্যাও আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)