• ঘুমের জন্য ঘুরতে যাওয়া, ভারতের কোথায় মিলছে ‘স্লিপ ট্যুরিজ়ম’-এর সুযোগ?
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • ঘুরতে যাওয়ার জন্য কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়েছেন। কিন্তু কখনও ঘুমোনোর জন্য ছুটি নিয়ে ঘুরতে গিয়েছেন? বিশ্বজুড়ে বাড়ছে ‘স্লিপ ট্যুরিজ়ম’-এর চাহিদা। গন্তব্য নিয়ে আর মাথা ঘামাচ্ছে না মানুষ। বরং, খুঁজছে লাক্সারি হোটেল, যেখানে গিয়ে কয়েক দিন বিশ্রাম নেওয়া যাবে।

    ইতালি, লন্ডন, পোর্তুগাল, স্পেনের মতো ইউরোপের একাধিক দেশে কয়েক বছর ধরে জনপ্রিয় রয়েছে এই ‘স্লিপ ট্যুরিজ়ম’ বা ‘স্লিপকেশন’। পিছিয়ে নেই শ্রীলঙ্কা, সিঙ্গাপুরের মতো এশিয়ার দেশগুলো। আজকাল বহু হোটেলে ‘স্লিপ ট্যুরিজ়ম’-এর কথা মাথায় রেখেই তাদের পরিষেবায় বদল আনছে। অর্থাৎ, বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে হোটেলগুলোতে।

    লন্ডনের একটি ‘স্লিপ ওনলি’ হোটেলে রয়েছে ‘কোকুন’-এর ব্যবস্থা। শ্রীলঙ্কার বহু হোটেলে রয়েছে লাক্সারি স্পা। ডিজিটাল ডিটক্সের সুবিধা মেলে সেই সব রিট্রিটে। এ ছাড়া ইতালি ও চিনের বেশ কিছু হোটেলে রয়েছে খোলা আকাশের নীচে ঘুমোনোর ব্যবস্থা। আর মোটামুটি সব হোটেলের রুমই এমন ভাবে ডিজ়াইন করা হয়, যার ভিতর বাইরে শব্দ না ঢোকে এবং ঘুমের জন্য আদর্শ হয়। স্লিপকেশন’-এর পাশাপাশি ‘ওয়েলনেস ট্যুরিজ়ম’-এর উপরও জোর দেওয়া হয় এশিয়ার দেশগুলোতে। এই তালিকায় বাদ নেই ভারতও।

    ১৪ শতকে তৈরি রাজস্থানের ‘সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা এখন ‘স্লিপকেশন’-এর অংশ। এই ফোর্ট-হোটেলে পর্যটকদের জন্য বিশেষ স্লিপ প্রোগ্রামও রয়েছে। সেখানে যেমন এক টানা ঘুমোতে পারবেন, তেমনই যোগাসনও করতে পারবেন। একই ভাবে কেরালা ‘প্রকৃতি শক্তি’ রিট্রিটেও রয়েছে ২১ দিনের স্লিপ প্যাকেজ। ঘুম সংক্রান্ত সমস্যা দূর কর‍তে এখানে ছুটি কাটাতে যান অনেকেই। গোকর্নের ‘স্বস্বরা’, দেহরাদুনের ‘ভানা’, মহারাষ্ট্রের ‘আত্মন্তন’— এমন অনেক রিট্রিট ও রিসর্ট রয়েছে, যেখানে জোর দেওয়া হয় ‘স্লিপ ট্যুরিজ়ম’-এর উপর।

    ভারতের বিভিন্ন প্রান্তে যে সব হোটেল, রিট্রিট ও রিসর্ট রয়েছে, এবং সেখানে যে সব স্লিপ প্যাকেজ রয়েছে, তার বাজেট হয় আকাশছোঁয়া। মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজেটের মধ্যে ‘স্লিপকেশন’ খুঁজতে হলে, কোনও নিরিবিলি জায়গায় অবস্থিত হোটেল বা হোমস্টে খুঁজে নিন। পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে কিংবা শহর থেকে দূরে কোনও জায়গা হলেই হবে। এমন জায়গা শহরের কোলাহল পাবেন না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার তাগিদ থাকবে না, এমনকী ওয়াই-ফাইও পাবেন না। এতেও শরীরে বিশ্রাম মিলবে।

    ১. স্লিপ ট্যুরিজ়ম বা স্লিপকেশন কী?

    মূলত বিশ্রাম, ভালো ঘুম ও মানসিক প্রশান্তির জন্য ভ্রমণে যাওয়াকেই স্লিপ ট্যুরিজ়ম বা স্লিপকেশন বলা হয়।

    ২. স্লিপ ট্যুরিজ়ম কেন জনপ্রিয় হচ্ছে?

    কর্মব্যস্ত জীবন, মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে অনেকেই এখন ভ্রমণে গিয়ে বিশ্রামকে অগ্রাধিকার দিচ্ছেন।

    ৩. স্লিপকেশন হোটেলে কী ধরনের সুবিধা পাওয়া যায়?

    নিরিবিলি পরিবেশ, স্লিপ প্রোগ্রাম, স্পা, যোগাসন, ডিজিটাল ডিটক্স এবং আরামদায়ক ঘুমের উপযোগী ঘরের ব্যবস্থা থাকতে পারে।

    ৪. ভারতে কোথায় স্লিপকেশনের সুবিধা পাওয়া যায়?

    রাজস্থান, কেরল, গোকর্ণ, দেহরাদুন ও মহারাষ্ট্রের বিভিন্ন ওয়েলনেস রিট্রিট ও রিসর্টে এমন পরিষেবা পাওয়া যায়।

    ৫. কম বাজেটে স্লিপকেশন কী ভাবে পরিকল্পনা করবেন?

    পাহাড়, জঙ্গল বা শহর থেকে দূরে নিরিবিলি এলাকায় হোটেল বা হোমস্টে বেছে নিতে পারেন। শান্ত পরিবেশ ও ডিজিটাল ডিটক্সও বিশ্রামে সাহায্য করতে পারে।

  • Link to this news (এই সময়)