রেশন দোকানে সারপ্রাইজ় ভিজ়িটে গিয়ে গ্রাহকদের প্রতিবাদী হওয়ার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শনিবার বাঁকুড়া-১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের রেশন দোকানের চাল-ডাল-গম খতিয়ে দেখেন তিনি। তার পরে গ্রাহকদের বলে দেন, ‘ডিলার খারাপ জিনিস দিলে নেবেন না।’
এ দিন প্রথমে আদিবাসী প্রধান ধুলকুমারী গ্রামে যান খাদ্যমন্ত্রী। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তার পরে যান রেশন দোকানে। চাল-ডাল-গম সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। ডিলারদের হুঁশিয়ারির সুরে বলেন, ‘কোনও গ্রাহককে খারাপ জিনিস দেবেন না। এ নিয়ে যেন ডিপার্টমেন্টে কোনও অভিযোগ জমা না পড়ে।’
এর পরেই গ্রাহকদের প্রতিবাদী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। রেশন দোকানে দাঁড়ানো স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘পোকা ধরা চাল বা গম দিলে বাড়ি নিয়ে যাবেন না। প্রতিবাদ করবেন। সঙ্গে সঙ্গে বলবেন, খারাপ চাল নেব না।’ ভালো মানের চাল-গম দিতে ডিলার বাধ্য বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।
দুর্নীতির সঙ্গে কোনও আপস নয় বলেও বার্তা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ এর আগে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। জেলেও পাঠানো হয়েছে।’ সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও সাসপেনশনের মতো কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, দুর্নীতির ক্ষেত্রে এই সরকার কোনও রকম আপস করবে না।
খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারাও। অভাব অভিযোগ জানান। কান্ত মুর্মু নামে এক স্থানীয় বাসিন্দা জানান, মন্ত্রী তাঁদের কাছে রেশন ঠিকমতো মিলছে কি না, চাল-গমের মান কেমন, সে বিষয়ে খোঁজ নেন। ইদানিং আটার বদলে গম দেওয়া হচ্ছে। এতে তাঁরা খুশি বলেও খাদ্যমন্ত্রীকে জানিয়েছেন কান্ত।
১. কোথায় রেশন দোকান পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী?
বাঁকুড়া-১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রামের একটি রেশন দোকানে যান তিনি।
২. রেশন দোকানে কী কী খতিয়ে দেখেন?
দোকানে থাকা চাল, ডাল ও গমের মান সরেজমিনে পরীক্ষা করেন খাদ্যমন্ত্রী।
৩. খারাপ চাল বা গম পেলে গ্রাহকদের কী করতে বলেছেন?
পোকা ধরা বা খারাপ মানের চাল-গম বাড়ি নিয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে বলেছেন তিনি।
৪. রেশন ডিলারদের কী বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী?
গ্রাহকদের কোনও ভাবেই খারাপ মানের খাদ্যশস্য না দেওয়ার জন্য ডিলারদের সতর্ক করেছেন তিনি।
৫. দুর্নীতির অভিযোগ নিয়ে কী বলেছেন অশোক কীর্তনিয়া?
দুর্নীতির ক্ষেত্রে সরকার কোনও রকম আপস করবে না বলে জানিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে রেশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা এবং জেলে পাঠানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান।