• প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে FIR দায়ের পুলিশের, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সভার অভিযোগ
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে শুক্রবার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্রপরিষদের সভা করা হয়েছে, এই অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে হেস্টিংস থানায়। মামলা হয়েছে ছাত্র সংগঠনের উদ্যোক্তাদের বিরুদ্ধেও।

    পুলিশ সূত্রে খবর, গত ২৮ অগস্ট সাব-ইনস্পেক্টর অপূ বৈদ্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ছাত্রপরিষদের সভা থেকে মমতা এবং উদ্যোক্তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সমর্থকদের উস্কানি দিয়েছেন। সেই সভায় বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। কিছু সমর্থক পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেখানে যে সব পুলিশকর্মী মোতায়েন ছিলেন, তাঁদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়েছেন কিছু সমর্থক।

    হাইকোর্টের নির্দেশ ছিল, ক্যাথিড্রাল রোডের এক লেনে সভা হবে। অন্য লেন দিয়ে গাড়ি যাবে। কিন্তু পুলিশের অভিযোগ, সেই নিয়ম মানা হয়নি। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সভামঞ্চের পাশের লেন বন্ধ হয়ে গিয়েছিল। তার ফলে প্রবল যানজট দেখা দেয়। হাইকোর্ট দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সভার যে সময় বেঁধে দিয়েছিল, তা-ও মানা হয়নি বলেই অভিযোগ পুলিশের।

    পুলিশ সূত্রে খবর, মমতা এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি নির্দেশ অমান্য করা, অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মচারীকে ডিউটিতে বাধা দেওয়া ও বলপ্রয়ো এবং রাস্তাঘাটে যাতায়াতে বাধা সৃষ্টির ধারায় মামলা রুজু হয়েছে।

    প্রসঙ্গত, শুক্রবার ক্যাথিড্রাল রোডে মমতার সভার পরে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। যাদবপুরে রাখি বন্ধন উৎসবের শেষে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'দেখলেন কী ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টের অর্ডার ভাঙলেন! রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে (সভা) করতে বলেছিল। গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন? আমি পুলিশকে বলেছি এফআইআর রুজু করতে আর ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না।' 

  • Link to this news (এই সময়)