• বহুতলে রং করতে গিয়ে দুর্ঘটনা, তার ছিঁড়ে নীচে পড়ে মৃত্যু দুই কর্মীর
    এই সময় | ২৯ আগস্ট ২০২৬
  • বহুতল আবাসনে রং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ক্যাটেলের তার ছিঁড়ে মৃত্যু দুই নির্মাণকর্মীর। মৃত দুই কর্মীর নাম মলয় চন্দ হাওলাদার (৪৮) ও মিন্টু মণ্ডল (৪২)। দু’জনের বাড়ি অশোকনগর থানা এলাকায়। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়। আরও এক নির্মাণকর্মী আহত বলে জানা গিয়েছে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় একটি বহুতল আবাসনের বাইরের অংশে রং করার কাজ চলছিল। সেই সময়ে ঝুলন্ত অবস্থায় থাকা ক্যাটেলে বসে কাজ করছিলেন ওই শ্রমিকেরা। আচমকাই ক্যাটেলটির দড়ি ছিঁড়ে যাওয়ায় তাঁরা নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত দু’জনেরই মৃত্যু হয় বলেই জানিয়েছেন আবাসনের নিরাপত্তা কর্মীরা। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

    ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বহুতল নির্মাণের বৈধতা এবং কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষ করে উচ্চতায় কাজ করার সময়ে শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং নিরাপদ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

    স্থানীয়দের অভিযোগ, এর আগেও মধ্যমগ্রামে একই ধরনের দুর্ঘটনায় এক নির্মাণকর্মীর মৃত্যু হয়েছিল। তার পরেও কেন নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হল না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। প্রশিক্ষণ ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়েছিল কি না, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনার তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)