দু’দিন আগে মালদার বাড়িতে গিয়ে খুন হন কলকাতার ব্যবসায়ী অর্ণব সেন। সেই ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রে খবর, অনলাইন গেলে আসক্ত হয়ে পড়েছিলেন ধৃতেরা। তাঁদের টাকার প্রয়োজন ছিল। সেই কারণেই এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান।
ধৃতদের নাম শুভজিৎ ঘোষ এবং কৌশিক ঘোষ। শুভজিৎ সম্পর্কে অর্ণবের আত্মীয়। আর কৌশিক পেশায় রংমিস্ত্রি। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার শহরের চার নম্বর ওয়ার্ডের গৌড় রোড সংলগ্ন ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাড়িতে খুন হন অর্ণব। পুলিশ সূত্রে খবর, শুভজিৎ এবং কৌশিক তাঁর কাছ থেকে টাকা আদায় করতে গিয়েই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন।
জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, ‘শুভজিৎ ঘোষ মৃতের আত্মীয়। অনলাইন গেম খেলার সময়ে অনেক টাকা ধার করে ওরা। অর্ণব সেনের কাছে সেই টাকা চেয়েছিল। তা আদায় করতে গিয়ে রাতে ওঁকে খুন করে ২ জন। ঘটনার পুর্ননির্মাণ হবে।’