• হড়পা বান আসার আগে শেষ কথা, নেপালের নিখোঁজ সন্দীপের ফোনের অপেক্ষায় প্রহর গুনছেন স্ত্রী
    আজ তক | ৩০ আগস্ট ২০২৬
  • পূর্ব বর্ধমানের শিমডাল থেকে নেপাল, দূরত্বটা এখন যেন অসীম। একটিমাত্র ফোনের অপেক্ষায় প্রহর গুনছে এক পরিবার। বারবার মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন স্ত্রী। যদি একবার ফোন আসে। যদি ওপার থেকে পরিচিত গলায় শোনা যায়, 'আমি ভাল আছি।' কিন্তু সেই ফোন আর আসছে না। নেপালের ভয়াবহ হড়পা বানের পর থেকেই নিখোঁজ পূর্ব বর্ধমানের শিমডালের বাসিন্দা বছর ৪০-এর সন্দীপ কুমার গড়াই।

    ২০১৯ সাল থেকে কাজের সূত্রে নেপালে থাকেন সন্দীপ। সেখানে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন তিনি। প্রতিদিনের মতো গত বুধবার, ২৬ অগাস্ট সকালেও স্ত্রী তিথি গড়াইয়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। সকাল ৮টা ১০ মিনিট নাগাদ ফোনে কথা বলার সময় সন্দীপ জানিয়েছিলেন, তিনি অফিসেই রয়েছেন। দুপুরে স্বামীর সঙ্গে কথা বলার জন্য ফোন করেন তিথি। কিন্তু তখন থেকেই সন্দীপের মোবাইল বন্ধ। প্রথমে বিষয়টিকে স্বাভাবিক বলেই ভেবেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু নেপালে ভয়াবহ হড়পা বানের খবর সামনে আসতেই আশঙ্কা বাড়তে থাকে। বারবার ফোন করেও যখন কোনও সাড়া মেলেনি। ফলে বাড়তে থাকে উৎকণ্ঠা।

    কাঠমান্ডুতে সন্দীপের অফিসেও যোগাযোগ করেছে পরিবার। কিন্তু সেখান থেকেও এখনও সন্দীপের বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে প্রতিটি মুহূর্ত এখন পরিবারের কাছে প্রবল দুশ্চিন্তার। কী অবস্থায় রয়েছেন সন্দীপ? কোথায় রয়েছেন তিনি? আদৌ নিরাপদে আছেন তো? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মনে।

    এক ছেলে রয়েছে সন্দীপের, অষ্টম শ্রেণিতে পড়ে। বাবার অপেক্ষায় সেই ছেলের চোখও আজ পথ চেয়ে। ভোটের সময় শেষবার বাড়িতে এসেছিলেন সন্দীপ। স্ত্রী তিথি গড়াই বলেন, 'বুধবার সকালেই শেষবার কথা হয়েছিল। তারপর থেকে ফোন বন্ধ। শুধু অপেক্ষা করছি, যদি ফোনটা একবার বাজে।'  

    রিপোর্টার-সুজাতা মেহেরা
     

     
  • Link to this news (আজ তক)