• ‘মেয়ে নিখোঁজ, আমায় সাহায্য করুন’, মুখ্যমন্ত্রীর কনভয় থামাতে পারলেন না বৃদ্ধ বাবা
    দৈনিক স্টেটসম্যান | ৩০ আগস্ট ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার তারাপীঠে গিয়েছিলেন। সেখানে পুজো দিয়ে যোগ দেন প্রশাসনিক বৈঠকে। তারপর তা সেরে বেরিয়ে এসে গাড়িতে করে যখন যাচ্ছিলেন তখন সামনে এসে কনভয় থামাতে চাইলেন একজন বৃদ্ধ। কিন্তু মুখ্যমন্ত্রীও তাঁকে দেখতে পেলেন না পুলিশের ভিড়ের জন্য। তবে মুখ্যমন্ত্রীর চোখে যাতে পড়ে তার জন্য বৃদ্ধের গলায় ঝোলান প্ল্যাকার্ড। যাতে মেয়ের নাম-ছবি আছে। হাতেও ছিল আরও একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘মেয়ে নিখোঁজ। আমায় সাহায্য করুন।’ সেটি উঁচিয়ে ধরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকেন বৃদ্ধ। যাতে কনভয় নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর লেখা মুখ্যমন্ত্রীর নজরে পড়ে। কিন্তু পুলিশের ভিড়ে সেটা সম্ভব হলো না।

    মেয়ে হারানো ওই বৃদ্ধ আশা করেছিলেন, হয়তো প্ল্যাকার্ড দেখে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে তাঁর সঙ্গে কথা বলবেন। তিনিও মুখ্যমন্ত্রীর কাছে মেয়ে অমৃতা সিনহাকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চাইবেন। তাঁর হাতে একটি চিঠি তুলে দেবেন। কিন্তু তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো না। স্থানীয় সূত্রে খবর, মেয়ের নাম অমৃতা সিনহা। আর বাবার নাম অর্ধেন্দু সিনহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো না বলে মন খারাপ। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার আগেই নিরাপত্তার স্বার্থে বৃদ্ধ বাবাকে সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তাঁর চিঠিটি যাতে পৌঁছে দেওয়া হয় সেই আকুতি পুলিশের কাছে করেন বৃদ্ধ। বাবা অর্ধেন্দু জানান, তিনি চিঠি পুলিশকর্তাদের হাতে তুলে দিয়েছেন। আশা করছেন কাজ হবে।

    বৃদ্ধ বাবা অর্ধেন্দু সিনহা সংবাদমাধ্যমে জানান, মার্চ মাস থেকে নিখোঁজ তরুণী অমৃতা সিনহা (২৪)। বাবা অর্ধেন্দু সিনহা সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। নেতাদের দরজায় কড়াও নেড়েছেন। কিন্তু মেয়ের কোনও খোঁজ মেলেনি। তাই এবার মেয়ের খোঁজে নিজেই এভাবে রাস্তায় নেমেছেন। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তাই গোটা বীরভূমই ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ। মেয়ের খোঁজে কখনও কলকাতায় কখনও আসানসোলে ছুটে যাচ্ছেন। কিন্তু কোথাও মেয়ের খোঁজ মেলেনি। তবে এই নিখোঁজের ঘটনায় জেলা পুলিশের একটি বিশেষ টিম অমৃতা সিনহার খোঁজ করছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সিআইডি একযোগে কাজ করছে। কিন্তু এখনও তরুণীর কোনও হদিশ মেলেনি।

    শনিবার বীরভূমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক সভায় যোগ দিতে আসেন। সে খবর পেয়েই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অর্ধেন্দু সিনহা। রামপুরহাটে প্রশাসনিক সভায় যাওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাপীঠের কালী মন্দিরে যান। তাই সিউড়ির বাড়ি থেকে সোজা সেখানেই চলে যান অর্ধেন্দু। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো না। এখন চিঠি পেয়ে মুখ্যমন্ত্রী সাহায্য করবেন বলে আশা করছেন বৃদ্ধ অর্ধেন্দু।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)