• ডিজেলের বদলে ব্যাটারি, হুগলি নদীতে পর্যটনের নতুন ভেসেল
    দৈনিক স্টেটসম্যান | ৩০ আগস্ট ২০২৬
  • হুগলি নদীর চেনা ছবি এবার বদলাতে চলেছে। এতদিন হুগলি নদীতে যাতায়াত বা ভ্রমণের ক্ষেত্রে মূল ভরসা ছিল ডিজেলচালিত লঞ্চ-ভেসেল। এবার সেই চেনা ছবিটাই বদলাতে চলেছে। নদীপথে পর্যটনের অভিজ্ঞতায় আধুনিকতার ছোঁয়া আনতে দু’টি ব্যাটারিচালিত হাইব্রিড ভেসেল তৈরি করানোর বরাত দিল রাজ্যের পর্যটন দপ্তর।

    কেন্দ্রীয় প্রকল্পের আওতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে (জিআরএসই) ওই দু’টি ভেসেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ভেসেলে একসঙ্গে ১০০ জন যাত্রী সফর করতে পারবেন। থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। অর্থাৎ, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনো নয়। হুগলি নদীর বুকে সফরকেও আরও আরামদায়ক ও আকর্ষণীয় করে তুলতে চাইছে পর্যটন দপ্তর।

    রাজ্যের পরিকল্পনা, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, বেলুড় মঠ ও চন্দননগরের মতো পর্যটন ও ঐতিহাসিক গুরুত্বের বিভিন্ন গন্তব্যকে যুক্ত করে এই ভেসেল চালানো হবে। ফলে সড়কপথের বদলে নদীপথে একাধিক দর্শনীয় স্থান ঘুরে দেখার নতুন সুযোগ তৈরি হবে পর্যটকদের সামনে।

    বিশেষ গুরুত্ব পাচ্ছে ব্যারাকপুরও। সেখানে দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরে একটি পার্ক চালু করতে চলেছে রাজ্য সরকার। আগামী অক্টোবর মাসে ওই পার্কে আলো ও শব্দের বিশেষ অনুষ্ঠান চালুর পরিকল্পনা রয়েছে। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, সেই পার্ককেও ভবিষ্যতের ভেসেল সফরের সঙ্গে যুক্ত করার ভাবনা রয়েছে।

    শনিবার আনুষ্ঠানিকভাবে জিআরএসই-কে দু’টি ভেসেল তৈরির বরাত দেন পর্যটনমন্ত্রী। সেই সঙ্গে উত্তরবঙ্গের দু’টি জায়গায় ব্যবহারের জন্য দু’টি বেইলি ব্রিজ নির্মাণের দায়িত্বও দেওয়া হয়েছে সংস্থাটিকে। দু’টি ভেসেল ও দু’টি সেতু নির্মাণে মোট প্রায় ৪৫ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে।

    রাজ্যে নদীপথে পরিবহণে এর আগেও পুরনো ডিজেলচালিত জলযানের বিকল্প হিসেবে বৈদ্যুতিক ও হাইব্রিড প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। জিআরএসই-র তৈরি সম্পূর্ণ বৈদ্যুতিক ফেরি ‘ঢেউ’-ও ইতিমধ্যে হুগলিতে চলাচল করছে। নতুন প্রকল্পে সেই পরিবেশবান্ধব প্রযুক্তিকেই পর্যটনের সঙ্গে আরও নিবিড় ভাবে জুড়ে দিতে চাইছে রাজ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)