• নন্দীগ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক-সহ থাকছে একগুচ্ছে কর্মসূচি
    দৈনিক স্টেটসম্যান | ৩০ আগস্ট ২০২৬
  • ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূমে গিয়েছিলেন। এবার নন্দীগ্রামে যাবেন তিনি বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলায় ঘুরে সেখানের সার্বিক উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যেতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। কিন্তু ভবানীপুর কেন্দ্র রেখে নন্দীগ্রাম কেন্দ্র ছেড়ে দেন তিনি। মাঝে আর একদিন। তারপরই নন্দীগ্রামে আসবেন মুখ্যমন্ত্রী।

    এদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ যে কোনওদিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কিন্তু নন্দীগ্রামের সার্বিক উন্নয়ন কেমন হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতেই এবার আসছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। আগামী ৩১ আগস্ট নন্দীগ্রামের রেয়াপাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভা রয়েছে বলে জানা গিয়েছে। আর শনিবার সেসবেরই প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক নিরঞ্জন কুমার। তাঁর সঙ্গে ছিলেন হলদিয়ার মহকুমাশাসক সুরভী সিংলা-সহ পদস্থ আধিকারিকরা

    অন্যদিকে পূর্ব মেদিনীপুর মুখ্যমন্ত্রীর নিজের জেলা। নন্দীগ্রাম থেকে দু’বার জিতে এসেছেন শুভেন্দু অধিকারী। তাই এই জেলা এবং বিধানসভা কেন্দ্রের উপর বাড়তি নজর রয়েছে তাঁর। সেখানে উন্নয়নের জন্য টাকাও বরাদ্দ হয়েছে। তাই কাজ কেমন হয়েছে সেটা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। তাই গোটা জেলা-সহ নন্দীগ্রামের ফাইল প্রস্তুত করতে শুরু করেছেন জেলার অফিসাররা। যাতে কোনও বিষয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করলে তথ্য-সহ উত্তর দিতে পারেন তাঁরা। পূর্ব মেদিনীপুর জেলা হাতের তালুর মতো চেনেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম আরও ভাল করে চেনেন। সুতরাং তাঁকে যা খুশি বোঝাতে গেলে ধরা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    তাছাড়া এই প্রশাসনিক সভা মঞ্চ থেকে নন্দীগ্রাম বিধানসভা এলাকার উন্নয়নের একগুচ্ছ ঘোষণা এবং পরিষেবা প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসংস্থানের বিষয়েও কোনও বড় ঘোষণা করতে পারেন তিনি। এমনকী নন্দীগ্রাম এবং বিরুলিয়া থেকে কলকাতাগামী জোড়া সরকারি বাসের উদ্বোধন করা হবে। আর তাই এখন সেখানে সাজ সাজ রব উঠেছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। জেলাশাসক বেশ কয়েকজন অফিসারকে নিয়ে সভাস্থল খতিয়ে দেখে একাধিক নির্দেশ দিয়েছেন। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবার নন্দীগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার প্রস্তুতি এখন তুঙ্গে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)