‘দলের বিশ্বাসযোগ্যতা তলানিতে’, তৃণমূল ছেড়ে সদলে কংগ্রেসে যোগ বসিরহাটের প্রাক্তন বিধায়কের
প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৬
ছাব্বিশের নির্বাচনের পর হতশ্রী দশা রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের। দু’ভাগে খণ্ড দল। এবার বসিরহাটেও ধাক্কা খেল তৃণমূল। তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি একা নন, প্রায় তিন শতাধিক কর্মী নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।
কেন এই বিপদের সময়ে দল ছাড়লেন তিনি? এই প্রশ্নের উত্তরে, প্রাক্তন বিধায়ক বলেন, “রাস্তায় বেরিয়ে কোন দল করি কেউ জানতে চাইলে তৃণমূল বললে আরও বাড়তি চারটি প্রশ্ন করছেন সাধারণ মানুষ। সর্বোপরি ওই দলের বিশ্বাসযোগ্যতা তলানিতে চলে গিয়েছে। উলটোদিকে বিজেপির বিরুদ্ধে গোটা দেশে একমাত্র লড়ছে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস। তাই মানুষের পাশে থাকতে এই দলে এলাম।” উল্লেখ, ২০২১ সালে জিতলেও এবার ভোটে সপ্তর্ষিকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতার বিধানভবনে প্রদেশ কংগ্রেস দপ্তরে এআইসিসির দুই পর্যবেক্ষক অম্বা প্রসাদ ও প্রকাশ যোশী, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্য সাধারণ সম্পাদক পার্থ ভৌমিকের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন।
এ দিন ফের শুভঙ্কর জানিয়েছেন, “জেলায় জেলায় প্রতিদিনই দলে দলে বিভিন্ন দলের হাজার হাজার কর্মীরা জাতীয় কংগ্রেসে যোগ দিচ্ছেন। বেশ কিছু জেলায় নির্বাচিত জনপ্রতিনিধি ও পরিচিত নেতারা আমাদের দলে যোগ দিতে শুরু করেছেন।” আগামিদিনে আরও বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী ও নির্বাচিত বিধায়ক কংগ্রেসে যোগ দেবেন বলেও দাবি করেন শুভঙ্কর সরকার।