• ঋণে জর্জরিত, বিদ্যুৎহীন বাড়ির ছাদে বাস! উত্তরপাড়ায় যুবকের রহস্যমৃত্যুতে হাজার প্রশ্ন
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৬
  • হিন্দমোটরের বহুতল আবাসনের বাসিন্দা যুবকের রহস্যমৃত্যু! আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুতলের ছাদে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার গভীররাতে পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের। আত্মহত্যা না কি, পিছনে অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশা। উত্তরপাড়ার হিন্দমোটর এলাকার ঘটনা। তদন্তে নেমেছে পুলিশ।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম স্বরূপনন্দ সাহু। স্বামী-স্ত্রী ও যুবকের মা থাকেন আবাসনে। বাবা বাইরে থাকেন। যুবক র‍্যাপিডোয় কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুন তাঁর বিয়ে হয় কিরণবালা সাহুর সঙ্গে। সেই সময় অনেক টাকা ঋণ নেন তিনি। তারপর থেকে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। অবস্থা এতটাই খারাপ হয় যে ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।

    শুক্রবার তিনি ও স্ত্রী ছাদে ঘুমিয়ে ছিলেন। তারপর হঠাৎ নিচে পড়ে যান। কী করে পড়লেন? না কি, আত্মহত্যা করলেন তা নিয়ে ধোঁয়াশা। ঘটনার পরই তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। দুর্ঘটনা স্থল ঘিরে রেখেছে পুলিশ। মৃত যুবকের স্ত্রী ও মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

    প্রতিবেশী অসীম বারিক বলেন, “ছেলেটি এই বাড়িতে স্ত্রী ও মাকে নিয়ে থাকত। র‍্যাপিডো বাইক চালক হিসাবে কাজ করত। কীভাবে ছাদ থেকে পড়ে গেল তা জানি না। পুলিশ সত্যিটা বার করুক।” প্রাক্তন তৃনমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন, “পরিবারটি আর্থিক দেনায় জড়িয়ে ছিল। কয়েকদিন আগে ওদের ফ্ল্যাটের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়। শুক্র রাতে ছাদে শুয়েছিল স্বামী-স্ত্রী। ছেলেটি মানসিক চাপে ছিল। আত্মঘাতী হয়েছে না অন্য কোন কারণ আছে সেটা পুলিশ খতিয়ে দেখুক।”
  • Link to this news (প্রতিদিন)