পিছু ধাওয়া করে প্রকাশ্যে গুলি করে খুন পঞ্জাবের কংগ্রেস কাউন্সিলারকে। নিহত কাউন্সিলারের নাম গুরপ্রীত সিং গোপি। তিনি মোটরবাইকে চড়ে যাওয়ার সময়ে ধাওয়া করে হামলাকারীরা। তার পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। পঞ্জাবের মামদোট শহরের ঘটনা।
পুলিশ সূত্রের খবর, কংগ্রেস কাউন্সিলার গুরপ্রীত সিং গোপি এবং হরপ্রীত নামে এক ব্যক্তি মোটরবাইকে চড়ে যাচ্ছিলেন। সেই সময়ে একটি গাড়িতে থাকা কয়েকজন আততায়ী তাঁদের পিছু ধাওয়া করে। কিন্তু কেন এই হামলা?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুনের পিছনে পুরোনো শত্রুতা রয়েছে। নির্বাচনের যোগসূত্রও থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে হামলার কারণ সরকারি ভাবে এখনও কিছু বলা হয়নি। পঞ্জাব পুলিশের SSP ভূপিন্দর সিং সিধু জানিয়েছেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের ধরতে একাধিক টিম তৈরি করে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় যে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ ছিল বলে প্রতিবেদন সূত্রের খবর।
কংগ্রেস কাউন্সিলারের পিছনে তাঁর কয়েকজন বন্ধু মোটরবাইকে চেপে আসছিলেন। সেটি লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ।