এই সময়, রায়গঞ্জ: অল্প বৃষ্টি হলেই রায়গঞ্জ পুরসভার একাধিক রাস্তায় জমে যায় হাঁটু সমান জল। জলমগ্ন রাস্তায় নিত্যদিন চরম ভোগান্তির শিকার হতে হয় শহরবাসীকে। মূলত রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের দিকে যাওয়ার রাস্তা বর্ষা এলেই ডুবে যায়। জল জমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, নিকাশি নালার অপরিষ্কার হয়ে থাকা এবং ড্রেনের উপরে ব্যবসায়ীদের তৈরি করা কংক্রিটের স্ল্যাব। সেই সমস্যা সমাধানে এ বার উদ্যোগী হলো রায়গঞ্জ পুরসভা।
শনিবার ড্রেন পরিষ্কারের জন্য ব্যবসায়ীদের নিজেদের দোকানের সামনে তৈরি করা কংক্রিটের স্ল্যাব ভেঙে দেওয়ার কাজ শুরু করেন পুরকর্তৃপক্ষ। তাঁরা মনে করছেন, ড্রেন পরিষ্কার হলে নিকাশি ব্যবস্থা সচল হবে। এর ফলে বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যাবে। এতে সমস্যা অনেকটাই কমবে। এ দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার এগজ়িকিউটিভ অফিসার মদন মণ্ডল।
তিনি বলেন, 'বিভিন্ন দোকানের সামনে ড্রেনের উপরে কংক্রিট দিয়ে ঢালাই করা রয়েছে। ফলে রাস্তার ধারে থাকা ড্রেন ঠিক মতো পরিষ্কার করা যায় না। আবর্জনা জমে থাকায় জল নিষ্কাশনেও সমস্যা হয়। রাস্তায় জল জমে যায়। সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সমস্যা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।' পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় ব্যবসায়ী তপন পাল বলেন, 'এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে পুরসভা। এর ফলে এই এলাকায় আর জল দাঁড়াবে না।'