• শিয়ালের কামড়ে জখম ৬, আহতদের ভর্তি করা হয়েছে হাবরা হাসপাতালে
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • এই সময়, গোবরডাঙা: শনিবার দুপুরে শিয়ালের তাণ্ডবে আতঙ্ক ছড়াল গোবরডাঙার পায়রাগাছির মধ্যপাড়া গ্রামে। শিয়ালের কামড়ে জখম হয়েছেন মোট ছ'জন গ্রামবাসী। ফলে আতঙ্কিত গ্রামবাসীরা। শিয়ালের ভয়ে কেউ দরজা বন্ধ করে বাড়িতে লুকিয়ে রয়েছেন। অনেকেই হাতে লাঠি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন।

    আহতদের ভর্তি করা হয়েছে হাবরা হাসপাতালে। এই ঘটনার খবর পেয়ে এ দিন বিকেলে গ্রামে আসে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা। অনেক খোঁজাখুঁজি করেও অবশ্য সেই শিয়ালের হদিশ মেলেনি। শিয়াল ধরতে গ্রামে খাঁচা পেতেছেন বন দপ্তরের কর্মীরা।

    গোবরডাঙা থানার পায়রাগাছি মধ্যপাড়া গ্রামের চারিদিকেই রয়েছে জঙ্গল এবং বাঁশঝাড়। এলাকায় মাঝে মধ্যেই শিয়াল দেখা গেলেও তারা কখনও মানুষকে আক্রমণ করেনি। কিন্তু গত কয়েক দিন ধরেই একটি শিয়াল গ্রামবাসীদের দেখলেই যখন তখন হামলা করছে। এ দিন দুপুরে বাড়ির সামনেই বসেছিলেন স্বপ্না বিশ্বাস। আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসে শিয়ালটি স্বপ্নার পায়ের মাংস খুবলে নিয়ে ফের জঙ্গলে ফেরত চলে যায়। গ্রামের বাসিন্দারা প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু কিছুক্ষণ বাদেই তাঁদের ভুল ভাঙে।

    প্রায় এক ঘণ্টার মধ্যেই পরপর ছ'জন শিয়ালের কামড় খান। রাস্তায় পথচলতি মানুষজনের পাশাপাশি ঘরের সামনে এসেও লোকজনকে কামড়ে দিচ্ছে অথবা আঁচড়ে দিয়ে জঙ্গলে গা ঢাকা দিচ্ছে শিয়ালটি। রাস্তার একটি কুকুরকেও কামড়ছে। এ নিয়ে গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ। পুলিশকেও তাঁরা বিষয়টি জানিয়েছেন। পুলিশ গ্রামে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার পর খবর দেওয়া হয় বন দপ্তরকে। তড়িঘড়ি বন দপ্তরের কর্মীরা এসে শিয়ালের খোঁজ শুরু করেন। কিন্তু শিয়ালের কোনও খোঁজ পাননি বন দপ্তরের কর্মীরা। অগত্য শিয়াল ধরতে গ্রামের ভিতরে খাঁচা পাতা হয়েছে।

  • Link to this news (এই সময়)