• কোর্টের বাইরে তোপ নির্মলের, গুরুত্ব নয় অভয়ার পরিবারের
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • এই সময়, ব্যারাকপুর: আরজি কর হাসপাতা‍লের নিহত তরুণী চিকিৎসক অভয়ার বাবা–মাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পুলিশের হাতে ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নির্মলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীকালে আরও কয়েকটি মামলা যুক্ত করা হয়। আদালতের নির্দেশে বর্তমানে খড়দহ থানার লকআপে রয়েছেন তিনি। শনিবার নির্মলকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালত থেকে বেরোনোর সময়ে তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিয়ে নির্মলের দাবি, সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ। তিনি বলেন, 'সরকার বদলের পর বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।' তারপরই অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং বাবা শেখর দেবনাথকে নিশানা করে তিনি বলেন, 'ক্ষমতার লোভে অভয়ার মা-বাবা পাগল হয়ে গিয়েছেন।'

    এ ব্যাপারে অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ ফোনে বলেন, 'আমরা আদালতে ছিলাম না। ফলে উনি কি বলেছেন বলতে পারব না। ওঁর মুখ আছে, উনি যা খুশি বলতে পারেন। কিন্তু আমাদের এ বিষয়ে কোনও মন্তব্য নেই।'

    গত ৯ অগস্ট অভয়ার মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পানিহাটিতে একটি অনুষ্ঠানে পানিহাটির এক সময়ের দাপুটে তৃণমূল নেতা নির্মল ঘোষ-সহ মোট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ খড়দহ থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলায় প্রধান অভিযুক্ত নির্মল ঘোষকে গত ১৩ অগস্ট ওডিশার বালাসোরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লটারি প্রতারণা ও তোলাবাজির মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তার আগেই অবশ্য বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নির্মলের ছেলে তথা পানিহাটি পুরসভার প্রাক্তন পুর–পারিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ। বর্তমানে দু'জনেই রয়েছেন খড়দহ থানার লকআপে।

    শনিবার অভয়ার দেহ লোপাটের মামলায় নির্মলকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবীরা মক্কেলের হয়ে জামিনের আবেদন জানান। সরকারি আইনজীবীরা অবশ্য জামিনের বিরোধিতা করেন। দু'পক্ষের বক্তব্য শোনার পরে নির্মলকে আরও দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার তাঁকে ফের আদালতে পেশ করা হবে। তবে লটারি প্রতারণা মামলায় ১১ সেপ্টেম্বর এবং তোলাবাজির অন্য একটি মামলায় ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

    এদিকে, শুক্রবার রাতে পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে–র ঘনিষ্ঠ তৃণমূলকর্মী দেবব্রত মজুমদার ওরফে পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সোদপুর কেয়ার মোড় এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সোমনাথের বিরুদ্ধে এরআইআর হলেও তিনি এখনও অধরা। দেবব্রতকে জিজ্ঞাসাবাদ করে সোমনাথের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)