• ছাত্রীদের মানসিক নির্যাতন, কাঠগড়ায় স্কুল শিক্ষিকা
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • এই সময়, ঘাটাল: ছাত্রছাত্রীরা কোনও সমস্যায় পড়লে তাদের কাছে ভরসার অন্যতম জায়গা হলো শিক্ষক বা শিক্ষিকা। সেই শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়াকে মানসিক নিপীড়নের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এমন একটি স্কুলে, যেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে।

    স্কুলে ক্লাস চলাকালীন পড়ুয়াদের সঙ্গে রাজনৈতিক আলোচনা, কে কোন গৃহশিক্ষকের কাছে প্রাইভেট টিউশন নেওয়া, বিজেপি সমর্থিত কোনও গৃহশিক্ষকের কাছে টিউশন নিলে পরীক্ষায় তার নম্বর কেটে দেওয়া হবে এমনই একাধিক ফতোয়া জারি করে ছাত্রীদের মানসিক নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিভাবকদের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগও জমা পড়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। অভিযোগ এতটাই গুরুতর যে, স্কুল কোনও ব্যবস্থা না নিলে আত্মহত্যার হুমকি দিয়েছে এক ছাত্রী। এই সংক্রান্ত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিয়োয় ছাত্রীকে বলতে শোনা যাচ্ছে, 'স্কুলের ইতিহাস বিভাগের ম্যাম নবনীতা ঘোষ আমাকে প্রায় আট মাস ধরে হেনস্থা করছেন। মানসিক ভাবে নির্যাতন করছেন। ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। না নিলে আমি পড়াশোনা ছেড়ে দেবো আর সুইসাইড করতে বাধ্য হব। উনি শুধু আমাকে নন, স্কুলের সবাইকেই হেনস্থা করেন। টিআইসি ম্যামকে জানিয়েছি। কিন্তু নবনীতা ম্যাম টিআইসি ম্যামের কোনও কথাই শোনেন না।' যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেন 'এই সময়'।

    ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, গত ১০ অগস্ট ইতিহাসের শিক্ষিকা নবনীতা ঘোষের বিরুদ্ধে কয়েকজন অভিভাবকের সই সমেত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষিকা নবনীতা ঘোষ তাঁর ক্লাসে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ছাত্রীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করেন। এমনকী, বিজেপি সমর্থিত কোনও প্রাইভেট টিউটরের কাছে যে-সব ছাত্রী টিউশন নেবে, পরীক্ষায় তাদের নম্বর কেটে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী দাস বলেন, 'অভিভাবকদের লিখিত অভিযোগ পেয়ে ওই শিক্ষিকাকে ডেকে সতর্ক করা হয়েছিল। অভিভাবক, ছাত্রী এবং ওই শিক্ষিকাকে নিয়ে বৈঠকও ডেকেছিলাম। কিন্তু উনি (শিক্ষিকা) এড়িয়ে গিয়েছেন। সোমবার স্কুলে মিটিং ডাকা হয়েছে। স্কুলের কোনও ছাত্রী যদি স্কুলেরই কোনও শিক্ষিকার দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়, তা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।'

    ছাত্রীর মায়ের বক্তব্য, 'প্রথমে আমরা অভিভাবকেরা যখন লিখিত ভাবে সব জানালাম তখন আমাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হলে আজ আমার মেয়েকে এ সব করতে হতো না। কোনও ভুল সিদ্ধান্ত নিয়ে নিলে কে দায় নেবে? স্কুলে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হোক। মেয়েরা স্কুলে পড়াশোনা করুক, নিরাপদে বাড়ি ফিরুক এটাই চাই। ক্লাসরুমে অপ্রাসঙ্গিক আলোচনা বন্ধ হোক।'

    যাঁর বিরুদ্ধে অভিযোগ ইতিহাস বিভাগের সেই শিক্ষিকা নবনীতা ঘোষের দাবি, 'আমার অবসরের আর কয়েক মাস বাকি। এতদিন স্কুলে পড়াচ্ছি, কেউ কোনও অভিযোগ করলেন না। হঠাৎ মিথ্যা অভিযোগ করা হচ্ছে কেন জানি না। ওদের নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই। স্কুলেও এ নিয়ে কোনও আলোচনাও করি না। তবে আমার স্বামী সক্রিয় ভাবে তৃণমূল করেন। এটা রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে।'

    সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক (ঘাটাল মহকুমা) হিমাদ্রিশেখর রায় বলেন, 'ভিডিয়োটি দেখার পরে ওই ছাত্রীর সঙ্গে কথা হয়েছে। টিআইসি-র সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি। যাঁদের চোখ দিয়ে স্কুলকে দেখি, তাঁদের বিরুদ্ধে কোনও ছাত্রী নির্যাতনের অভিযোগ করছে এটা খুবই দুর্ভাগ্যজনক। ওই এসআইকে স্কুলে গিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। সোমবার স্কুলে গিয়ে রিপোর্ট দেবেন।'

  • Link to this news (এই সময়)