• পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পেটে গুলি, দুষ্কৃতী দাপট রাতের কলকাতায়
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • রাতের শহরে চলল গুলি। শনিবার রাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নর্থ পোর্ট থানা এলাকায়। গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির নাম সন্তোষ চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি। ঘটনা নিয়ে ইতিমধ্যেই নর্থ পোর্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    সন্তোষকে গুলিচালনায় অভিযুক্ত ব্যক্তির নাম কার্তিক সোনকার ওরফে খরগোশ। এই ঘটনার পর থেকেই তিনি পলাতক। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ সন্তোষ চৌধুরী এবং হামলাকারী কার্তিক সোনকার সম্পর্কে ভায়রা ভাই। কার্তিকের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। তা কেন্দ্র করেই পরিবারের অন্যদের সঙ্গে গন্ডগোল। পরিবারের লোকেদের দাবি, সেই কারণেই   সন্তোষ চৌধুরীর উপরে হামলা চালান কার্তিক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা নাগাদ নর্থপোর্ট থানা এলাকার পাথুরিয়া ঘাটে এসে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় কার্তিক। এলাকা ফাঁকা হয়ে যেতেই সন্তোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। সেই গুলি লাগে সন্তোষের পেটে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই অভিযুক্ত একটি স্কুটিতে চেপে চম্পট দেয়।

    পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই নর্থ পোর্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। গুলিচালনায় অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)