এই সময়: কলকাতার পার্কিং ব্যবস্থা সুসংহত করতে অ্যাপ চালু-সহ একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে সেই ব্যবস্থা। কলকাতার পাশাপাশি হাওড়া এবং বিধাননগর পুর–এলাকায় এই ব্যবস্থা প্রাথমিক ভাবে চালু হচ্ছে। কলকাতার মতো বিধাননগর এবং হাওড়াতেও যাঁরা রাতে রাস্তায় গাড়ি রাখবেন, তাঁদের কাছ থেকে নাইট পার্কিং চার্জ আদায় করবে পুরসভা। যে অ্যাপের কথা বলা হচ্ছে, সেই অ্যাপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে লঞ্চ করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। পুরসভার নির্দিষ্ট করা এলাকার বাইরে কেউ গাড়ি পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিষয়টি নিয়ে নবান্নে বৈঠক করেন অগ্নিমিত্রা। বৈঠকে ছিলেন তিন পুরসভার প্রশাসক তথা কমিশনার। ছিলেন তিন পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও। সূত্রের খবর, বৈঠকে মূলত চূড়ান্ত করা হয়, কোন পুর–এলাকায় কতগুলি জায়গায় সরকারি ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। ব্যস্ত সময়ে কতগুলি গাড়ি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা রাখতে হবে। কোন এলাকায় পার্কিংয়ের চাহিদা বেশি। সেগুলি চিহ্নিত করে চূড়ান্ত করা হয়েছে। এই জায়গাগুলির বাইরে অন্য কোথাও গাড়ি বা মোটরবাইক পার্কিং করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চড়া অঙ্কের জরিমানা করা হবে বলে ঠিক হয়েছে বৈঠকে। কত টাকা জরিমানা করা হবে, কোন পার্কিংয়ে কত গাড়ি রাখা যাবে—সেই সব বিষয় শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
অগ্নিমিত্রা বলেন, ‘আমাদের তরফে একটি অ্যাপ দ্রুত মুখ্যমন্ত্রীর হাত দিয়ে লঞ্চ করা হবে। সেখানে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। আপনি হয়তো পার্ক স্ট্রিট বা এসপ্ল্যানেড এলাকায় যাচ্ছেন, আপনি আগে থেকেই জেনে নিতে পারবেন, কতগুলি পার্কিং স্পেস খালি আছে বা নেই। সেই মতো আপনি পরিকল্পনা আগে থেকেই করে নিতে পারবেন। কেউ নির্দিষ্ট পার্কিংয়ের বাইরে গাড়ি বা মোটরবাইক রাখতে পারবেন না।’ এর পরেই তিনি বলেন, ‘সল্টলেকে নিজেদের পার্কিং থাকার পরেও অনেকে রাস্তায় গাড়ি পার্ক করে রাখেন। আমি বলতে চাই, এটা করবেন না। রাস্তা আটকে রাখবেন না। যদি কেউ রাস্তায় গাড়ি বা মোটরবাইক রাখেন, তা হলে পুরসভা নাইট পার্কিং চার্জ নেবে।’