• এনডিএ’র অন্দরেই মতভেদ, জিতনের ইস্তফা দাবি চিরাগের
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: সংরক্ষণ ইস্যুতে এনডিএ শিবিরের অন্দরের ফাটল সামনে চলে এল। এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন মোদি সরকারের দুই শরিক মন্ত্রী চিরাগ পাসোয়ান এবং জিতন রাম মাঝি। শনিবার এক কদম এগিয়ে জিতনরামের ইস্তফা দাবি করলেন চিরাগ। সম্প্রতি সংরক্ষণ নীতির পুনর্বিবেচনা চেয়ে মুখ খুলেছে হিন্দুস্থান আওয়াম মোর্চা (সেকুলার)। দলের পক্ষ থেকে তফসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত কোটার মধ্যে সাব কোটার সমর্থন করা হয়েছে। মাঝির ছেলে তথা বিহারের মন্ত্রী সন্তোষ কুমার সুমন বলেন, সংরক্ষণের সুযোগ যাতে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষরা পান, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলছি না। সংরক্ষণ যাতে আরও সুষ্ঠু, কার্যকর এবং বঞ্চিততম মানুষের কাছে পৌঁছতে পারে, তার ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, তফসিলি জাতি এবং উপজাতির জন্য সংরক্ষণের সুবিধা পেয়েছে পাসোয়ানা এবং রবিদাসের মতো সম্প্রদায়। তাঁর মুশাহর সম্প্রদায়ের কেউ এখনও আইএএস হতে পারেননি। এই পরিস্থিতিতে বিতর্ক আরও বাড়ান চিরাগ। তিনি বলেন, ‘সংরক্ষণের মধ্যে ক্রিমি লেয়ারের বিষয়টি রয়েছে বলে যদি জিতন ও তাঁর ছেলে বিশ্বাস করেন, তবে তাঁদের ইস্তফা দেওয়া উচিত।’ চিরাগের দল এলজেপি (রামবিলাস) প্রথম থেকেই সাব কোটার বিরুদ্ধে। তাদের মতে, এর ফলে তফসিলি জাতি ও উপজাতির মধ্যে একতা নষ্ট হবে। 
  • Link to this news (বর্তমান)